২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রতিবাদী চিকিৎসকদের মঙ্গলবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ আদালতের

কলকাতার আরজি কর হাসপাতালে শিক্ষানবীশ এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে কাজে ফিরতে বলল সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 09 Sep 2024, 08:48 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ভারতে আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

গত মাসে কলকাতার আরজি কর হাসপাতালে শিক্ষানবীশ এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফিরতে বলে এর সময়ও বেঁধে দিয়েছে আদালত।

সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে হবে। 

এই সময়সীমা কেউ অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে বিরূপ পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ‘‘বাস্তব পরিস্থিতি কী চলেছে আমরা সবাই জানি। কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে।’’ 

তিনি স্মরণ করিয়ে দেন, ‘‘চিকিৎসকদের প্রথম কাজ চিকিৎসা করা। তাদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি। তারা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিস দেব।’’ 

এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিচারপতি বলেন, “আপনারা নিশ্চিত করুন, যে চিকিৎসকরা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এমনকি তাদের বদলি করাও যাবে না।”

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই আন্দোলনে নামেন চিকিৎসকরা। বিচারের দাবিতে পথে নামেন তারা। আরজি করের সামনে তারা অবস্থান ধর্মঘটও করে আসছেন।

রাজ্য সরকার বার বার প্রতিবাদী এই চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়ররা কাজে ফেরেনি। আদালতে সোমবারের শুনানিতে সে প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে আগের শুনানিতেও চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই ডাকে সাড়া দিয়ে কিছু চিকিৎসক কাজে ফিরলেও আরজি কর-সহ পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলোতে প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি। 

আরজি করের প্রতিবাদী চিকিৎসকরাও জানিয়েছিলেন, তারা কর্মবিরতি বন্ধ করছে না। শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট এবার সময় বেঁধে দিয়ে কাজে ফেরার নির্দেশ দিল চিকিৎসকদের।