২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নির্বাচন: প্রাথমিক ফলই শেষ কথা নয়

এবারও বিশেষভাবে পেনসিলভেইনিয়া, মিশিগান এবং উইসকনসিনে এমনটি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রে নির্বাচন: প্রাথমিক ফলই শেষ কথা নয়
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 08:59 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

যুক্তরাষ্ট্রের ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে ভোট গণনার প্রাথমিক হিসাব কে জয় পেতে যাচ্ছেন তা শেষ ফলাফল অনুমানের ভালো সূচক নাও হতে পারে, এর কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট গণনার নিয়ম ও অদ্ভুত নীতি। 

২০২০ সালের নির্বাচনে কিছু অঙ্গরাজ্য একটি ‘লাল মরীচিকা’ দেখাল, আর তাতে নির্বাচনের দিন রাতভর রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেন, এরপর শুরু হল একটি ‘নীল বদল’ আর তাতে ডেমোক্র্যাট জো বাইডেন তাকে ছড়িয়ে গেলেন। ডাকযোগে আসা ভোটগুলো পরে গণনার কারণেই এমন হয়েছিল, এসব ভোটের অধিকাংশই ডেমোক্র্যাটদের পক্ষে গিয়েছিল।  

এমন হতে পারে, বিশেষজ্ঞরা তা নির্ভুলভাবে অনুমান করতে পারলেও এই ‘বদল’ এর ঘটনাকেই ফুলিয়ে ফাঁপিয়ে নির্বাচনের ফল চুরি হয়ে গেছে বলে ট্রাম্প তার মিথ্যা দাবির অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন।  

এবারও বিশেষভাবে পেনসিলভেইনিয়া, মিশিগান এবং উইসকনসিনে এমনটি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।   

বিপরীতভাবে ‘নীল মরীচিকা’ হলে, প্রাথমিকভাবে ডেমোক্র্যাট কমলা হ্যারিস খুব ভালো করতে যাচ্ছেন, এমন দেখালেও একটি ‘লাল বদল’ ওই ধারা পাল্টে দিতে পারে। এবার নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় এমনটি ঘটতে পারে।  

ট্রাম্পের নির্বাচনী শিবির জানিয়েছে, ট্রাম্প পরিকল্পনা করেছেন যখন তার টিম বিশ্বাস করবে যে তিনি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পার হয়ে গেছেন তখন জয় ঘোষণা করবেন। কিন্তু এটি অপরিপক্ক হতে পারে, কারণ বিষয়টি নির্ভর করছে এখনও কতো সংখ্যক ভোট গণনা বাকি আছে এবং সেগুলো কীভাবে কাস্ট হয়েছে। 

কীভাবে এগুলো চূড়ান্ত ফলে ভূমিকা রাখবে তা নির্ভর করছে বিভিন্ন অঙ্গরাজ্যে কীভাবে এবং কখন আগাম ভোট বা ডাক যোগে আসা বিপুল সংখ্যক ভোট গণনা করা হচ্ছে তার ওপর।  

আরেকটি বিষয় হচ্ছে ডেমোক্র্যাট সমর্থকরা সাধারণত বড় বড় জনবহুল শহরগুলোর বাসিন্দা, স্বাভাবিকভাবেই এসব স্থানে ভোট গণনায় বেশি সময় লাগে, ফলে তাদের পক্ষে ফল আসতে কিছুটা সময় নেয়। 

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য ফলাফল নির্ধারণ করবে বলে অনুমান করা হচ্ছে। এসব অঙ্গরাজ্যের ভোট গ্রহণ ও গণনার নিজস্ব নিয়ম ও নীতি আছে।