ইউক্রেইনকে নেটো সদস্য করলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেব: জেলেনস্কি
জেলেনস্কি বলেন, এক দশক ধরে ইউক্রেইনের প্রেসিডেন্ট থাকাটা তার স্বপ্ন নয়। এই পদ তিনি ছেড়ে দেবেন যদি তা ইউক্রেইনে শান্তি বয়ে আনে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটোতে তার দেশকে সদস্যপদ দেওয়া হলে এর বিনিময়ে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন।
এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার কী নিশ্চয়তা প্রয়োজন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট হিসাবে শান্তি প্রতিষ্ঠায় তিনি এর বিনিময়ে খুশি মনে কী ছেড়ে দেবেন।
এর জবাবেই জেলেনস্কি বলেন, “ইউক্রেইনের শান্তির জন্য কিছু ছেড়ে দিতে হলে আমি খুশিই হব। আপনার যদি আমার গদি ছেড়ে দেওয়াটা প্রয়োজন হয়, আমি তা করতে প্রস্তুত। আমি ইউক্রেইনের নেটো সদস্যপদের বিনিময়েও সেটি করতে পারি।”
জেলেনস্কি এক দশক ধরে ইউক্রেইনের প্রেসিডেন্ট থাকাটা তার স্বপ্ন নয় জানিয়ে বলেন, এই পদ তিনি ছেড়ে দেবেন যদি তা ইউক্রেইনে শান্তি বয়ে আনে।
জেলেনস্কি বলেছেন, তার প্রধান লক্ষ্য বর্তমানে ইউক্রেইনের সুরক্ষা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চিন্তা নয়।
তিনি স্পষ্ট করে জানান, ২০ বছরের জন্য প্রেসিডেন্ট থাকার কোনও আকাঙ্ক্ষা তার নেই, কারণ দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কখনওই তার "স্বপ্ন" ছিল না।
ইউক্রেইন বারবার জানিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন আয়োজন করবে না। কারণ, সামরিক আইন অনুযায়ী এটি সম্ভব নয়।
দেশটি যুক্তি দিয়েছে, রাশিয়া ক্রমাগত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে ইউক্রেইনের এক-পঞ্চমাংশ এলাকা দখল করেছে, যা নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন করে তুলছে।
এদিকে, চলতি মাসে ডনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা ত্বরান্বিত করায় অনেকেই আশা করছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই ইউক্রেইনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তবে অনেক সীমাবদ্ধতা থাকার পরও ট্রাম্প রাশিয়ার কথা পুনরাবৃত্তি করা এবং জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে সমালোচনা করা থেকে বিরত থাকেননি।
ইউক্রেইনের বিভিন্ন এনজিওর মতে, যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন "অসম্ভব"।
তারা বলছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্থিতিশীল যুদ্ধবিরতি প্রয়োজন, যাতে সুরক্ষার নিশ্চয়তা, নির্বাচনী অবকাঠামোর পুনরুদ্ধার এবং নির্বাচনী প্রক্রিয়ার যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হয়।
ফেব্রুয়ারিতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ ইউক্রেইনীয় মনে করেন, সামরিক আইন শেষ না হওয়া পর্যন্ত জেলেনস্কির ক্ষমতায় থাকা উচিত। এমনকি বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদও এ অবস্থানকে সমর্থন করেছেন।
