ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ায় ফেরিচালক আটক
ফেরিচালক প্রথমে ফেরির স্টিয়ারিং হুইলে ত্রুটি থাকার কথা বললেও পরে স্বীকার করেন যে, তিনি মোবাইলে ব্যস্ত থাকার কারণে ঠিক জায়গায় বাঁক নিতে পারেননি।
দক্ষিণ কোরিয়ায় ২৬৭ আরোহী নিয়ে একটি ফেরি দুর্ঘটনার কবলে পড়ার পর দায়িত্বে গুরুতর অবহেলার অভিযোগে এর চালক এবং আরও একজনকে আটক করেছে কোস্টগার্ড। ফেরিটির ক্যাপ্টেনের বিরুদ্ধে তদন্ত চলছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শিনান কাউন্টির জাংসান দ্বীপের উপকূলে জনবসতিহীন জগদো দ্বীপের কাছে ‘কুইন জেনুভিয়া–২’ ফেরিটি চড়ায় আটকে যায়।
এরপর ফেরিতে থাকা ২৪৬ যাত্রী ও ২১ ক্রুকে নৌকায় তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নৌকা আটকে যাওয়ার ঘটনায় কারও প্রাণহানি না হলেও ২৭ জন সামান্য আহত হন।
ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, ফেরিচালক ঘটনার সময় ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। আর অটোপইলট ব্যবস্থায় ফেরিটি চলছিল। ফলে ফেরিটি নির্দিষ্ট মোড়ে দিক পরিবর্তন করতে না পেরে চড়ায় আটকে যায়।
দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড বিবিসি-কে জানায়, চালকের গুরুতর অবহেলা এবং এর কারণে মানুষ আহত হওয়ায় ফেরিচালক ও তার সহায়তাকারীকে (ফার্স্ট মেট) গ্রেপ্তার করা হয়েছে।
ফেরিচালক প্রথমে ফেরির স্টিয়ারিং হুইলে ত্রুটি থাকার অভিযোগ করলেও পরে স্বীকার করেছেন যে, তিনি মোবাইল ফোনে ব্যস্ত থাকার কারণে ঠিক জায়গায় বাঁক নিতে পারেননি।
ফেরিটিকে এখন কাছের একটি বন্দরে নোঙর করিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
২৬ হাজার টন ওজনের এই ফেরিটি জেজু দ্বীপ থেকে ছেড়ে এসে মকপো শহর অভিমুখে যাত্রা করছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১৪ সালে ভয়াবহ দুর্ঘটনায় পড়া আরেক ফেরি সেওলের ঘটনাস্থলের কাছেই বুধবার ‘কুইন জেনুভিয়া-২’ ফেরি দুর্ঘটনা ঘটে।
২০১৪ সালের ওই দুর্ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল স্কুলশিক্ষার্থী। সেওল ফেরির ধ্বংসাবশেষ প্রায় তিন বছর পর মকপোতে নেওয়া হয়।
