২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ডাইয়ে হামলার পর কঠোর অস্ত্র ও প্রতিবাদ দমন আইন পাস

নতুন আইনের আওতায় আগ্নেয়াস্ত্রের মালিকানা সীমিত করা, জনসমক্ষে সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রদর্শন নিষিদ্ধ করা এবং বিক্ষোভ দমনে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে।

বন্ডাইয়ে হামলার পর কঠোর অস্ত্র ও প্রতিবাদ দমন আইন পাস
হামলার ঘটনার পর বন্ডাই সৈকত আবার খুলে দেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 24 Dec 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও সন্ত্রাস-বিরোধী আইন পাস হয়েছে। সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার পর বুধবার রাজ্য সংসদে নতুন এই আইন পাস হয়।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এই আইনের আওতায় আগ্নেয়াস্ত্রের মালিকানা সীমিত করা, জনসমক্ষে সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রদর্শন নিষিদ্ধ করা এবং বিক্ষোভ দমনে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে।

বুধবার ভোরে এক জরুরি অধিবেশনে রাজ্য পার্লামেন্টের উচ্চকক্ষে ১৮-৮ ভোটে ‘টেরোরিজম অ্যান্ড আদার লেজিসলেশন অ্যামেন্ডমেন্ট বিল’ অনুমোদিত হওয়ার পর এটি পাস হয়।

গত ১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে ইহুদি হনুকাহ উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়। 

এই ঘটনার কথা উল্লেখ করে নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস বলেন, সব নাগরিক এই কঠোর সংস্কার সমর্থন না করলেও জনগণের নিরাপত্তা রক্ষায় তার সরকার সবকিছু করছে।

মিনস সাংবাদিকদের বলেন, “ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সিডনি এবং নিউ সাউথ ওয়েলস চিরতরে বদলে গেছে।”

মঙ্গলবার রাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন মধ্য-বামপন্থি লেবার এবং প্রধান বিরোধী দল লিবারেল পার্টির সমর্থনে বিলটি পাস হয়েছিল। তবে লিবারেলদের জোট শরিক ন্যাশনাল পার্টি এর বিরোধিতা করে জানায়, মালিকানার সর্বোচ্চ সীমা নির্ধারণের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

বন্ডাই সৈকতে ওই হামলা ছিল গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। এর পরেই কঠোর অস্ত্র আইন এবং ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 

নতুন আইন অনুযায়ী, ব্যক্তিগত লাইসেন্সধারীরা সর্বোচ্চ ৪টি বন্দুক রাখতে পারবেন, তবে কৃষকরা সর্বোচ্চ ১০টি বন্দুক রাখতে পারবেন। এছাড়া, আগ্নেয়াস্ত্রর সব লাইসেন্সধারীর জন্য গান ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক করা হয়েছে।

আইনটিতে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এখন থেকে কোনও সন্ত্রাসী হামলার ঘোষণা আসার পর তিন মাস পর্যন্ত যে কোনও বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করতে পারবে পুলিশ।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), হামাস বা হিজবুল্লাহর মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা ও প্রতীক জনসমক্ষে প্রদর্শন করলে দুই বছরের জেল অথবা ২২ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।

রাজ্য প্রধানমন্ত্রী মিনস জানান, ফিলিস্তিনপন্থি মিছিলে ব্যবহৃত ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’র মতো স্লোগান নিয়ে উদ্বেগ থাকায় ঘৃণা ছড়ানো ও ভয় দেখানো নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছিল।

পুলিশের ধারণা, বন্ডাউ সৈকতে হামলায় অভিযুক্ত দুই বন্দুকধারী বাবা ও ছেলে সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিল।

পুলিশের গুলিতে বাবা সাজিদ আকরাম (৫০) নিহত হন এবং তার ছেলে নাভিদ (২৪)-এর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদসহ ৫৯টি অভিযোগ আনা হয়েছে।

আইনি চ্যালেঞ্জ:

নিউ সাউথ ওয়েলসের নতুন কঠোর অস্ত্র ও সন্ত্রাস-বিরোধী আইনের তীব্র নিন্দা জানিয়ে একে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে বিভিন্ন অধিকারকর্মী ও সংগঠন।

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ ও জিউস এগেইনস্ট দ্য অকুপেশনসহ কয়েকটি সংগঠন এক বিবৃতিতে বলেছে, সরকার বন্ডাইয়ের হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার ও ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা দমন করতে চাইছে।

ওদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। কেন্দ্রীয় সরকার ঘৃণা ও সহিংসতা প্রচারকারীদের বিচার এবং তাদের ভিসা বাতিলের আইন আনার পরিকল্পনা করছে। 

আলবানিজ একটি ‘গান বাইব্যাক’ বা অস্ত্র কিনে নেওয়ার কর্মসূচিও প্রস্তাব করেছেন। সরকারের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ দমনে ব্যর্থতার অভিযোগ ওঠার পর আলবানিজ জানান, তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে কথা বলেছেন এবং তাকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।