২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজ দুর্ঘটনার ‘কারণ অজানা’ বললেন ট্রাম্প, তবু দুষলেন ডিইআই নীতিকে

ওয়াশিংটনে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ জানেন না বলে স্বীকার করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘটনার দায় চাপিয়ে পূর্বসূরি বাইডেন-ওবামাদেরকে তুলোধুনো করেছেন।

উড়োজাহাজ দুর্ঘটনার ‘কারণ অজানা’ বললেন ট্রাম্প, তবু দুষলেন ডিইআই নীতিকে
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 02:00 AM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ওয়াশিংটনে প্রায় ১৬ বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর পোটম্যাক নদী থেকে একের পর এক লাশ উদ্ধার হতে থাকার মধ্যেই ঘটনাটি নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, বুধবার রাতে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কা লেগে ঘটা দুর্ঘটনার কারণ এখনও জানা নেই। কারণ জানতে তদন্ত চলছে। 

তবে কারণ জানেন না বলে স্বীকার করলেও ট্রাম্প এই দুর্ঘটনার জন্য দোষারোপ করেছেন তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ‘ডাইভার্সিটি, ইকুয়্যিটি অ্যান্ড ইনক্লুশন’ (ডিইআই) উদ্যোগকে।

তিনি বলেছেন, তার বিশ্বাস, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়ে এসেছে, তারা সবসময় যোগ্য লোক নন। 

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল, তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে। আর সেটিই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়েছে। যে দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহীই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প গত ২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিইআই কর্মীদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন। আর এখন তিনি স্পষ্ট করেই তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনকে দোষারোপ করছেন। বিশেষ করে সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগকে তুলোধুনো করেছেন তিনি। 

বুটিগিগের বিরুদ্ধে অক্ষম এবং মানসিক সমস্যা থাকা মানুষজনকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পদে কাজ দেওয়ার অভিযোগ করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্প তার এই কথার সপক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেননি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনসট্রেশন একটি বিশাল প্রতিষ্ঠান। সেখানে কাজ করে ৩৫ হাজার মানুষ। তাদের একটি অংশ হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। বুটিগিগের আমলে যাদেরকে এ কাজে নিয়োগ করা হয়েছিল তাদেরকে যোগ্য মনে করেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তা মনে করি না।”

ট্রাম্প এর আগেও কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রুথ স্যোশালে লিখেছিলেন,“হেলিকপ্টারের পাইলট উড়োজাহাজটি দেখেছেন কিনা তা জিজ্ঞাসা করার পরিবর্তে কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারটিকে কী করতে হবে তা জানায়নি?”

ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুর্ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে। যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কাতেই ঘটে দুর্ঘটনা। ট্রাস্প এ দুর্ঘটনাকে ‘ভয়ানক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।