২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদের পথে চীনের চন্দ্রযান ছ্যাং’এ-৬

চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরু-আইটকেন বেসিনে নমুনা সংগ্রহের জন্য ৫৩ দিনের মিশনে  চন্দ্রযানটি মহাকাশে পাঠিয়েছে চীন।

চাঁদের পথে চীনের চন্দ্রযান ছ্যাং’এ-৬
ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 03 May 2024, 07:32 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

চাঁদের দূরবর্তী অংশ থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসতে প্রায় দুই মাসের মিশনে একটি চন্দ্রযান উৎক্ষেপণ করেছে চীন।বিশ্বের প্রথম দেশ হিসাবে চীন এই চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় বিকাল ৫ টা ২৭ মিনিটে মনুষ্যবিহীন লং মার্চ-৫ রকেটে করে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ছ্যাং’এ-৬।

৮ মেট্রিক টনেরও বেশি ওজনের ছ্যাং’এ-৬ চন্দ্রযানটির চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরু-আইটকেন বেসিনে অবতরণ করার কথা রয়েছে। ২,৫০০ কিলোমিটার চওড়া এবং ৮ কিলোমিটার গভীর এই আইটকেন বেসিন থেকে ২ কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে পৃথিবীতে বিশ্লেষণের জন্য নিয়ে আসাই ৫৩ দিনের এ অভিযানের লক্ষ্য।

চন্দ্রযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের কক্ষপথে পৌঁছতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন। তারপর জুনের প্রথম দিকে এটি চাঁদে অবতরণ করবে।

ঠিকঠাকমত চাঁদে নামতে পারলে দুই দিনে ছ্যাং’এ-৬ খুঁড়ে তুলবে ২ কিলোগ্রাম নমুনা। তারপর ফিরে আসবে পৃথিবীতে। চন্দ্রযানটি ফিরে এসে চীনের ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করার কথা রয়েছে। ছ্যাং’এ-৬ যে নমুনা নিয়ে আসবে সেগুলো বিশ্লেষণ করে চাঁদ কীভাবে গঠিত হয়েছিল সেই ধারণা পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা

চীনের লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং সেন্টারের উপ-পরিচালক জেন পিং সাংবাদিকদের বলেছেন,“ছ্যাং’এ-৬ প্রথমবারের মতো চাঁদের দূর অংশ থেকে নমুনা সংগ্রহ করবে।”

চীনের চাঁদ ও মহাকাশ গবেষণা কর্মসূচিতে এই চন্দ্রযান উৎক্ষেপণ আরেকটি মাইলফলক।এর আগে ২০১৮ সালে চীন প্রথম চাঁদে ছ্যাং’এ-৪ অবতরণ করিয়েছিল। সেটিও ছিল চাঁদের দূরবর্তী অংশে। ২০২০ সালে ছ্যাং’ই-৫ প্রথম চাঁদের নমুনা সংগ্রহ করেছিল। আর ছ্যাং’এ-৬ চাঁদের ‘লুকায়িত’ অংশ থেকে নমুনা নিয়ে আসবে।

চীন এই দশকে চাঁদে মনুষ্যবিহীন তিনটি অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে।তার মধ্যে প্রথম মিশনে ছ্যাং’এ-৬ উৎক্ষেপণ করল দেশটি।

এরপরের মিশনে চীন উৎক্ষেপণ করবে ছ্যাং’এ-৭ চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধানে চালানো হবে এই অভিযান। আর তারপর ছ্যাং’এ-৮ চন্দ্রযান যাবে মহাকাশে। সেই মিশনের লক্ষ্য হবে একটি চাঁদ গবেষণা কেন্দ্র গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা।