এগিয়ে আসছে টাইফুন উইফা, হংকংয়ে সর্বোচ্চ ঝড় সতর্কতা জারি
এর প্রভাবে নগরীটিতে ও সংলগ্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও ঝড় হচ্ছে। বাতিল করতে হয়েছে ২০০টিরও বেশি ফ্লাইট।
প্রবল বাতাসের শক্তি নিয়ে হংকংয়ের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন উইফা। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নগরীটি রোববার তাদের সর্বোচ্চ ঝড় সতর্কতা জারি করেছে।
রয়টার্স জানিয়েছে, উইফা ঘণ্টায় ১৬৭ কিলোমিটারেরও বেশি একটানা বাতাসের বেগসহ হংকংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে নগরীটিতে ও সংলগ্ন অঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে ও ঝড় বয়ে যাচ্ছে। এসব কারণে কর্তৃপক্ষ ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
নগরীটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ঝড়ের সিগন্যাল ১০ নম্বরে তুলে দেয় আর বলে যে, ‘কিছু সময়ের জন্য’ সতর্কতা এই পর্যায়ে থাকবে বলে ধারণা করছে তারা।
জারি করা সতর্কতায় দেখা গেছে, উইফা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ দিয়ে ঘুরে যাবে। পর্যবেক্ষণ কেন্দ্রটি জানিয়েছে, এরই মধ্যে হারিকেনের মতো প্রবল শক্তি নিয়ে বাতাস হংকংয়ের দক্ষিণাংশে বইতে শুরু করেছে।
ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ স্থানীয় সময় রোববার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হংকং মুখি ও হংকং থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা তাদের সব ফ্লাইট বাতিল করেছে।
এদিন হংকংয়ের সব গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তীব্র ঢেউয়ের কারণে সাগরে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
টাইফুন উইফার প্রভাবে শনিবার ভিয়েতনামের হা লং উপসাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত ৩৮ পর্যটকের মৃত্যু হয়েছে।
