২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইরানের পরমাণু অবকাঠামো ভাঙার শর্ত থাকতে হবে: নেতানিয়াহু

দুই পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হয়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক পরমাণু চুক্তি করার চেষ্টা করছে বলে রোববারই ইরানি এক কূটনীতিকের বরাতে খবর এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইরানের পরমাণু অবকাঠামো ভাঙার শর্ত থাকতে হবে: নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 01:56 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেছেন, তেহরান-ওয়াশিংটন কোনো চুক্তি হলে তাতে কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি থাকলে হবে না, ইরানের পরমাণু অবকাঠামো ভেঙে ফেলার বিষয়টিও অবশ্যই থাকতে হবে।

রোববার মেজর আমেরিকান জুইশ অর্গানাইজেশনসের প্রেসিডেন্টদের এক বার্ষিক সম্মেলনে নেতানিয়াহু নিজেই এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ইসরায়েলকে গাজায় সব সুড়ঙ্গ ধ্বংসের কাজ শেষ করতে হবে জানিয়ে এ কট্টর-ডান রাজনীতিক বলেন, গাজায় আনুমানিক ৫০০ কিলোমিটারের মতো সুড়ঙ্গ রয়েছে, ইসরায়েল তার মধ্যে দেড়শ কিলোমিটার ধ্বংস করতে পেরেছে।  

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে এ সপ্তাহেই তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় বসতে যাচ্ছেন। 

দুই পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হয়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক পরমাণু চুক্তি করার চেষ্টা করছে বলে রোববারই ইরানি এক কূটনীতিকের বরাতে খবর এসেছে। 

তবে নেতানিয়াহু বলছেন, তিনি চুক্তির ব্যাপারে সন্দিহান। কিন্তু যদি হয়ও, তাহলে তাতে অবশ্যই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়টি থাকতে হবে। 

“সমৃদ্ধকরণ সক্ষমতা থাকতে পারবে না, কেবল সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধই নয়, সমৃদ্ধকরণে ব্যবহৃত হয় এমন উপকরণ ও অবকাঠামোও ভেঙে ফেলতে হবে,” বলেছেন তিনি।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দশকের বিরোধ নিরসন ও নতুন করে সামরিক সংঘাত এড়ানোর লক্ষ্যে চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনা শুরু হয়। 

আলোচনা সফলতার মুখ না দেখলে যুক্তরাষ্ট্র ইরানে কয়েক সপ্তাহ ধরে চলবে এমন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতিও নিচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা কয়েকদিন আগেই রয়টার্সকে বলেছিলেন। ওয়াশিংটন এরই মধ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরীকেও মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে।  

রোববার নেতানিয়াহু আরও বলেছেন, তিনি আগামী ১০ বছরের মধ্যে ইসরায়েলের যেন আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না লাগে তার লক্ষ্যে তিনি কাজ করছেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের এখন যে ১০ বছরের চুক্তি তাতে তারা প্রতিবছর ওয়াশিংটন থেকে ৩৮০ কোটি ডলারের সহায়তা পাচ্ছে, যে অর্থের সিংহভাগ মার্কিন অস্ত্র-সরঞ্জাম কিনতেই খরচ হচ্ছে। এ চুক্তি ২০২৮ সালে শেষ হবে। 

“বিকাশমান অর্থনীতির কারণে আমরা এখন যে সামরিক সাহায্য পাচ্ছি, তার আর্থিক অংশটুকু ধীরে ধীরে বন্ধ করার সুযোগ আছে আমাদের, আমি প্রস্তাব করছি এটি ১০ বছরের মধ্যে ধাপে ধাপে শূন্যে নেমে আসুক। এখনকার সমঝোতা স্মারকের আরও তিন বছর বাকি, তার পরের সাত বছরে এটি শূন্যে নামানো যাবে,” বলেছেন নেতানিয়াহু।

“আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সাহায্যপ্রাপ্তি থেকে অংশীদারিত্বে রূপান্তর করতে চাই,” বলেছেন তিনি।