২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ বললেন নোবেল জয়ী রাচিনস্কি

গত বছর রাশিয়ার সুপ্রিম কোর্ট শান্তিতে নোবেল জয়ী মানবাধিকার বিষয়ক সংস্থা মেমোরিয়াল কে নিষিদ্ধ ঘোষণা করে।

পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ বললেন নোবেল জয়ী রাচিনস্কি

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 11:22 PM

Updated : 11 Dec 2022, 11:22 PM

এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এর প্রধান ইয়ান রাচিনস্কি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল এবং অপরাধী’ বলেছেন।

শনিবার নরওয়ের রাজধানী অসলোতে এ বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর দেওয়া বক্তৃতায় রাচিনস্কি বলেন, পুতিনের অধীনে রাশিয়ায় যে কোনো প্রতিবাদ কে ‘ফ্যাসিবাদ’ বলা হয়।

‘‘এটাই এখন ইউক্রেইনে আগ্রাসনে মাধ্যমে যে উন্মাদ ও অপরাধমূলক যুদ্ধ চলছে তার আদর্শগত যুক্তি হয়ে উঠেছে।”

নাগরিক অধিকার নিয়ে কাজ করা রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানজনক সংস্থা মেমোরিয়াল। তিন দশকের বেশি সময় ধরে এই সংস্থাটি স্ট্যালিনবাদি যুগের নিপীড়ন এবং নৃশংসতার পর্দা ফাঁস করার কাজ করেছে। গত বছর রাশিয়ার সুপ্রিম কোর্ট সংস্থাটি বন্ধ করে দেয়।

এ বছর মেমোরিয়ালের সঙ্গে যৌথভাবে ইউক্রেইনের মানবাধিকার বিষয়ক সংস্থা ‘সেন্টর ফর সিভিল লিবার্টিস’ এবং বেলারুশের কারাবন্দি মানবাধিকার কর্মী আলেস বিলিয়াৎস্কি শান্তিতে নোবেল পুরস্কার জেতেন।

বিলিয়াৎস্কির স্ত্রী তার হয়ে শনিবার অসলোতে পুরস্কার গ্রহণ করেন।

গত অক্টোবর মাসে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের এক কোটি সুইডশ ক্রোনার তিন বিজয়ী ভাগ করে নেবেন।