আর্মেনিয়া-আজারবাইজন চুক্তিতে পরিকল্পিত ট্রানজিট করিডোর প্রত্যাখ্যান ইরানের
চুক্তিতে উল্লেখিত করিডোরটি আর্মেনিয়ার আইন অনুযায়ী পরিচালিত হবে আর এটি ইরানের সীমান্তের খুব কাছ দিয়ে যেতে পারে।
ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হওয়া শান্তি চুক্তিতে ককেশাস অঞ্চলে যে করিডোরের পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়নে বাধা দেবে তারা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি শনিবার বলেছেন, তেহরান ‘রাশিয়াকে নিয়ে অথবা ছাড়াই’ এই উদ্যোগ আটকে দেবে।
আল জাজিরা লিখেছে, রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার পাশাপাশি ইরানেরও একটি কৌশলগত মিত্রতা আছে। রাশিয়া, তুরস্কসহ ওই অঞ্চলের অন্য দেশগুলো এই শান্তি চুক্তির প্রশংসা করেছে।
শান্তি চুক্তিতে যে পরিবহন করিডোরের কথা রয়েছে তার উল্লেখ করে বেলায়েতি ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভাবছেন ককেশাস একখণ্ড রিয়েল এস্টেট যা তিনি ৯৯ বছরের জন্য লিজ নিতে পারবেন। এই পথ ট্রাম্পের ভাড়াটে সেনাদের প্রবেশদ্বার হয়ে উঠবে না, এটি তাদের গোরস্তান হয়ে উঠবে।“
তিনি এই পরিকল্পনাকে ‘রাজনৈতিক বিশ্বাসঘাতকতা’ অবহিত করে এর লক্ষ্য আর্মেনিয়ার ভৌগলিক অখণ্ডতা ‘ক্ষুণ্ণ করা’ বলে মন্তব্য করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এক স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিটির শর্তাবলী প্রকাশ করা হয়। এতে আজারবাইজান থেকে তাদের ছিটমহল নখচিভানে যেতে আর্মেনিয়ার ভেতর দিয়ে একটি করিডোর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যা উন্নয়নের যুক্তরাষ্ট্রের একচেটিয়া অধিকার থাকবে।
আজারবাইজানের মূলভূখণ্ড ও ছিটমহল নখচিভানের মাঝে আছে আর্মেনিয়া। নখচিভানের পূর্ব ও উত্তর সীমান্তের পুরোটাই আর্মেনিয়ার সঙ্গে হলেও দক্ষিণপশ্চিম সীমান্তের প্রায় পুরোটাই ইরানের সঙ্গে, শুধু অল্প একটু অংশের সঙ্গে বাকুর মিত্র তুরস্কের সীমান্ত আছে।
চুক্তিতে উল্লেখিত করিডোরের নাম হতে পারে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস এন্ড প্রোসপারিটি’। করিডোরটি আর্মেনিয়ার আইন অনুযায়ী পরিচালিত হবে আর এটি ইরানের সীমান্তের খুব কাছ দিয়ে যেতে পারে।
বেলায়েতির আশঙ্কা, এই করিডোর নেটোকে এই অঞ্চলে নিয়ে আসার পথ খুলে দিতে পারে আর তারা ইরান ও রাশিয়ার সীমান্তের মাঝে ‘ভাইপারের’ মতো অবস্থান নিতে পারে।
পৃথকভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের সীমান্তের কাছে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের নেতিবাচক পরিণতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মন্ত্রণালয়টি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানালেও ইরানের সীমান্তের কাছে কোনো প্রকল্প উন্নয়ন করতে হলে তা ‘জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই’ করা উচিত বলে মত প্রকাশ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কভাবে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। শনিবার তারা বলেছে, মস্কো ওয়াশিংটনের বৈঠকসহ দক্ষিণ ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির উদ্যোগকে সমর্থন করে।
তবে ইরানের মতো তারাও ওই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছে। মস্কো বলেছে, দীর্ঘস্থায়ী সমাধান ওই অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই আসা উচিত।
এদিকে আঞ্চলিক শক্তি তুরস্ক শনিবার বলেছে, পরিকল্পিত ট্রানজিট করিডোর দক্ষিণ ককেশাসের মধ্য দিয়ে জ্বালানি ও অন্যান্য সম্পদের রপ্তানি বৃদ্ধি করবে বলে আশা করছে তারা।
