যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিরুদ্ধে আপিলের অধিকার পেলেন অ্যাসাঞ্জ
যুক্তরাষ্ট্রে বিচারের ক্ষেত্রে অ্যাসাঞ্জের বাক স্বাধীনতা অক্ষুন্ন থাকা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে লন্ডন আদালত সেখানে হস্তান্তরের বিরুদ্ধে তার আপিলের অধিকারের পক্ষে রায় দিয়েছে।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে বিচারের জন্য তাকে হস্তান্তরের আদেশের বিরুদ্ধে পূর্ণ আপিল করার অনুমতি পেয়েছেন। লন্ডনের হাইকোর্ট সোমবার অ্যাসাঞ্জকে এ অনুমতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়ায় অ্যাসাঞ্জ সেদেশের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, আদালতে মতপ্রকাশের স্বাধীনতার অধিকার পাওয়ার জন্য বিবেচিত নাও হতে পারেন- এ যুক্তিতেই তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালতের দুই বিচারক।
অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৫২ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোপন নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করার ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ প্রমাণিত হলে তাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। ২০১৯ সালের এপ্রিল থেকে লন্ডনের বেলমার্শ কারাগারে আছেন তিনি। যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিরুদ্ধে অ্যাসেঞ্জ ১৩ বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছেন।
গত মার্চ মাসে লন্ডনের হাইকোর্ট অ্যাসেঞ্জকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছিল।
যুক্তরাষ্ট্রে বিচারের ক্ষেত্রে বিদেশি নাগরিক হিসাবে অ্যাসেঞ্জ বৈষম্যের শিকার হতে পারেন- এমন যুক্তিতে ওই অনুমতি দেওয়া হয়েছিল। পাশপাশি যুক্তরাষ্ট্র সরকারকেও তিন সপ্তাহের সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল কয়েকটি বিষয়ে ‘সন্তোষজনক আশ্বাস’ দিতে। সেগুলো হল: অ্যাসাঞ্জ ন্যায়বিচার পাবেন, তার বাক স্বাধীনতার অধিকার সুরক্ষিত থাকবে এবং তার মৃত্যুদণ্ড হবে না- এসব নিশ্চয়তা দেওয়া।
সোমবার অ্যাসেঞ্জের বাক স্বাধীনতা অক্ষুন্ন থাকার বিষয়টিতে সংশয় প্রকাশ করে আদালত তার আপিলের অধিকারের পক্ষে রায় দিয়েছে। এতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ আরও বেশিদিনের জন্য আটকে গেল এবং তার আইনি লড়াইও আরও দীর্ঘায়িত হওয়ার পট প্রস্তুত হল।
অ্যাসাঞ্জ তার প্রতিষ্ঠিত উইকিলিকস ওয়েবসাইটে ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
ওই সব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল, যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়।
ওই বছরই মার্কিন সেনাবাহিনীর একটি ভিডিও প্রকাশ করে উইকিলিকস। সেখানে ২০০৭ সালে বাগদাদে অ্যাপাচি হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে রয়টার্সের দুজন সংবাদকর্মীসহ এক ডজন মানুষকে হত্যা করতে দেখা যায়।
অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র শুরু থেকেই তাকে হস্তান্তরের জন্য চাপ দিয়ে আসছে। তবে অ্যাসাঞ্জ এর বিরুদ্ধে লন্ডন আদালতে আইনি লড়াই চালানোসহ এ মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করে আসছেন।
অ্যাসাঞ্জ সমর্থকরা তার প্রশংসা করে বলে থাকেন, তার ফাঁস করা নথিগুলো আধুনিক রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারকে প্রকাশ্যে এনেছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের ভাষ্য, অ্যাসাঞ্জ গোপন নথি ফাঁস করে অনেকের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সেকারণেই যুক্তরাষ্ট্র তার হস্তান্তর চাইছে।
