১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজ ডুবে নিখোঁজ ১৭

মালবাহী জাহাজটিতে ৬২ জন ভিয়েতনামী নাগরিক ছিলেন, তারা জলপথের ফায়ারি ক্রস রিফের কাছে বিপদে পড়ে।

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজ ডুবে নিখোঁজ ১৭
ফায়ারি ক্রস রিফের আশপাশের এলাকাগুলো বিরোধপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের অংশ, চীন যেটিকে নানশা দ্বীপপুঞ্জ বলে। ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 26 Jul 2026, 04:30 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথে একটি ভিয়েতনামি জাহাজ ডুবে ১৭ জন নিখোঁজ রয়েছে। শনিবার রাতে এই ঘটনার পর থেকে পানি থেকে ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

নিখোঁজদের সন্ধানে রোববার তল্লাশি অব্যাহত আছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খোই নুইয়েন ১৮’ নামের মালবাহী জাহাজটিতে ৬২ জন ভিয়েতনামী নাগরিক ছিলেন, তারা জলপথের ফায়ারি ক্রস রিফের কাছে বিপদে পড়ে।    

শনিবার সন্ধ্যায় জাহাজটি থেকে ছোড়া জরুরি সাহায্যের সংকেত দেখে ‘নানহাই চিয়ু ১১৫’ নামের একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম তাদের অবস্থানের খোঁজ পায়। এগিয়ে যাওয়ার পর চীনা জাহাজটি ফায়ারি ক্রস রিফ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি রাবারের ডিঙ্গিতে ২৯ জনকে দেখতে পায়। এরপর আরও দুটি উদ্ধার অভিযান চালানোর পর উদ্ধার পাওয়াদের সংখ্যা ৪৫ জনে দাঁড়ায়।  

এখনো যে ১৭ জন নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে দুটি উদ্ধারকারী জাহাজ ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে।  

ভিয়েতনামে নিবন্ধিত ‘খোই নুইয়েন ১৮’ প্রায় ৭০ মিটার (২৩০ ফুট) দীর্ঘ ৯৯৯ মেট্রিক টনি একটি মালবাহী জাহাজ। 

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পরপরই তারা ভিয়েতনামি কর্তৃপক্ষগুলোর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়।       

মন্ত্রণালয়টির একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “চীনের উদ্ধারকারী বাহিনী ও জাহাজগুলোর সহায়তায় ভিয়েতনাম ওই এলাকার কাছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।” 

এই উদ্ধার অভিযান সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

ফায়ারি ক্রস রিফের আশপাশের এলাকাগুলো বিরোধপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের অংশ, চীন যেটিকে নানশা দ্বীপপুঞ্জ বলে। এটি সম্পদে সমৃদ্ধ কিন্তু বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীর, ক্ষুদ্র দ্বীপ ও প্রবাল দ্বীপের একটি সমষ্টি।   

চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পুরো জলপথটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। এই জলপথের মধ্যে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জও পড়েছে। চীন এই দ্বীপপুঞ্জটিতে রানওয়ে তৈরি করেছে আর কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেগুলো সামরিকায়ন করেছে। 

চীনের এই সার্বভৌমত্বের দাবির সঙ্গে বিরোধে জড়িয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই।