২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া উপকূলের কাছে নৌকা উল্টে ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

সুদান, নাইজেরিয়া, ক্যামেরুন ও সোমালিয়ার এ নাগরিকদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)।

লিবিয়া উপকূলের কাছে নৌকা উল্টে ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

লিবিয়া উপকূলের কাছে রাবারের নৌকা উল্টে ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)।

এ অভিবাসনপ্রত্যাশীরা মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে, বুধবার বলেছে তারা। 

লিবিয়া উপকূলের উত্তর-উত্তরপশ্চিমে অবস্থিত আল বুরি তেলক্ষেত্রের কাছে ৪৯ আরোহী নিয়ে নৌকাটি ডুবে যাওয়ার পর ছয়দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ৭ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধার করেছে। 

ওই নৌকাতে সুদান, নাইজেরিয়া, ক্যামেরুন ও সোমালিয়ার নাগরিকরা ছিলেন বলে আইওএমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

নেটোর পৃষ্ঠপোষকতায় হওয়া অভ্যুত্থানে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ পৌঁছানোর অন্যতম বড় রুটে পরিণত হয়।

চলতি বছর এই ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ডুবে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে; লিবীয় উপকূলে ৪৯ আরোহীবাহী নৌকা উল্টে যাওয়ার ঘটনা ওই সংখ্যা আরও বাড়িয়েছে, বলছে তারা।  

২০২৪ সালে পুরো ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ হাজার ৪৫২ অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক এ সংস্থাটির তথ্য দেখাচ্ছে।

গত মাসের মাঝামাঝি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমের উপকূল থেকে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

এর আগে সেপ্টেম্বরে আইওএম লিবিয়া উপকূলের কাছে ৭৫ সুদানি অভিবাসনপ্রত্যাশীর নৌকায় আগুন ধরে যাওয়ার ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যুর তথ্য দিয়েছিল।