১০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ
ফ্রান্সের এক অবসরপ্রাপ্ত প্রবীণের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্তম্ভিত হয়েছে মানুষ। অভিযুক্তের বিচার চলছে প্রকাশ্যে।
স্ত্রীকে প্রথমে মাদকের নেশায় অচেতন করতেন, এরপর অন্য পুরুষ দিয়ে তাকে ধর্ষণ করাতেন স্বামী। ১০ বছর ধরে ৯২ বার এভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন স্ত্রী। ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেছেন।
ফ্রান্সের এক অবসরপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্তম্ভিত হয়েছে মানুষ। অভিযুক্তের বিচার চলছে প্রকাশ্যে।
প্রধান এই অভিযুক্তর বয়স ৭১ বছর। নাম ডমিনিক পেলিকোত। তিনি ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত একটি বিদ্যুৎ কোম্পানির সাবেক কর্মচারী। ঘটনাটি যেখানে ঘটেছে, সেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগনোনে সোমবার থেকে ডমিনিকের বিচার শুরু হয়েছে।
আদালতে জমা পড়া নথি থেকে জানা যায়, পুলিশের কাছে ডমিনিক একথা স্বীকার করেছেন যে, তার অচেতন স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের যৌন সংসর্গ দেখে তিনি স্বস্তি পেতেন।
বিবিসি জানায়, স্ত্রী জিজেল পেলিকোতকে ধর্ষণ করানোর জন্য অনলাইনে লোক খুঁজতেন ডমিনিক। পরে তাদের বাড়িতে ডেকে আনতেন। পুলিশ বলছে, ৭২ ধর্ষকের মধ্যে ৫১ জনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বয়স ২৬ থেকে ৭৪ বছর বছরের মধ্যে।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এতবার ধর্ষণের শিকার হয়েও জিজেল পেলিকোত এতদিন কিছুই জানতে পারেননি। তাকে স্বামী ডমিনিক ট্রানকুইলাইজার দিয়ে এতটাই নেশাগ্রস্ত করে দিতেন যে, দশ বছর ধরে তার সঙ্গে কী ঘটছে তা তিনি বুঝতে পানেনি।
কিন্তু অপরাধ কখনও চাপা থাকে না। এমনটাই ঘটেছিল ২০২০ সালে। সেবছর সেপ্টেম্বরে, মলে ঢুকে গোপনে নারীদের স্কার্টের নীচের ভিডিও করার সময় ডমিনিক নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়েন।
পরে পুলিশ ডমিনিকের কম্পিউটারে তার অচেতন স্ত্রী গিজেল এবং তাকে ধর্ষণের অসংখ্য ছবি ও ভিডিও পায়। তা থেকেই সামনে আসে ডমিনিকের কীর্তিকলাপ। এরপরেই এই নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হন জিজেল।
তিনি গোটা বিচারপ্রক্রিয়া প্রকাশ্যেই সম্পন্নের অনুরোধ করেছেন, যাতে মানুষ এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে।
ধর্ষণের ঘটনার শুরু ২০১১ সালে। স্বামী ডমিনিক ধর্ষণের সময়কার ছবি তুলে এবং ভিডিও করে রাখতেন। পরে তা দেখিয়ে অন্যদের একাজ করার জন্য ডেকে আনতেন।
ডমিনিকের বিরুদ্ধে অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও তিনি আইনি সমস্যায় পড়েছিলেন। ১৯৯১ সালে হত্যা ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। যদিও সে অভিযোগ তিনি অস্বীকার করেন।
১৯৯৯ সালে ধর্ষণের চেষ্টা করার জন্যও আইনি ঝামেলায় পড়েছিলেন ডমিনিক। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছিল তাকে। তার দাবি, মাত্র নয় বছর বয়সে তিনি নিজেও একজনের কাছ থেকে ধর্ষণের শিকার হয়েছিলেন।
