চীনে মিয়ানমারের রাষ্ট্রদূত হলেন বিমান বাহিনীর সাবেক প্রধান মিন্ট
জান্তা সরকার চীনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলোর কাজ শুরু করতে চাওয়ার এই সময়ে মিয়ানমারের বিমান বাহিনীর সাবেক চিফ অব স্টাফকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল।
বিমান বাহিনীর সাবেক চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ উইন্ত মিন্টকে চীনে মিয়ানমারের রাষ্ট্রদূত নিয়োগ করেছে সামরিক জান্তা। ‘নিউ ডে মিয়ানমার’ পত্রিকা কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে।
২০২৫ সালের নভেম্বরে জ উইন মিন্টকে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছিল এবং ৬ জানুয়ারিতে তাকে আনুষ্ঠানিকভাবে চীনে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়।
মিন্টকে আগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় গত ২৫ নভেম্বরে। সেই জায়গায় বিমান বাহিনীর সদরদপ্তর থেকে আরেক কর্মকর্তা নিয়োগ পান। আর মিন্ট এখন বেইজিংয়ে রাষ্ট্রদূতের পদে নিয়োগ পেলেন।
মিয়ানমারের রাজধানী নেপিদোর এক ঘনিষ্ঠ সূত্র নিউ ডে মিয়ানমার পত্রিকাকে বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ পদ। বিশেষ করে মিয়ানমারের সামরিক বাহিনী যখন চীনের সঙ্গে সম্পর্ক সতর্কতার সঙ্গে সামলে চলছে তেমন একটি সময়ে রাষ্ট্রদূতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিয়ানমারের জান্তা সরকার চীনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলোর (যেমন: মাইতসোন বাঁধ তৈরি) কাজ আবার শুরু করতে চাইছে। এমন সময়েই রাষ্ট্রদূত করা হল উইন্ত মিন্টকে।
বিমান বাহিনীতে থাকার সময়ে জ উইন্ত মিন্ট কমান্ডার ইন চিফের পর দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন। এরপর সামরিক বাহিনী থেকে বেসামরিক প্রশাসনে আসার পরও এবার তিনি রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।
চীনে মিয়ানমারের আগের রাষ্ট্রদূত ছিলেন ইউ মিও থান্ট পে, যিনি ২০২২ সালের অগাস্টে কুনমিংয়ে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এ পদে শূন্যতা তৈরি হয়েছিল।
