১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে: ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং সেখান দিয়ে চলাচলের জন্য রিয়ালে টোল দিতে হবে-বলেছেন ইরানি ডেপুটি স্পিকার।

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে: ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে। এই প্রণালি পার হতে হলে টোল দিতে হবে বলে ঘোষণা করেছেন ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি।

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। 

যুদ্ধ বন্ধের আলোচনায় এ বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। আলোচনায় অন্যতম প্রধান বাধা হয়ে ছিল হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে চলমান যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা।

ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি মেহের বার্তা সংস্থাকে বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য একটি রেডলাইন।

তিনি বলেন, এই প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরানি মুদ্রা রিয়ালে টোল দিতে হবে।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বলেছিলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার জানায়, দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে এবং সমুদ্রের মাইন অপসারণে কাজ করছে। তবে, সেন্ট্রাল কমান্ডের এ দাবি অস্বীকার করেছে ইরান।

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, কোনও সামরিক জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।