১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ: অস্থায়ী সদস্যপদে ভোটের প্রচার শুরু করল ভারত

ভারতের এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘শান্তি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৮-২০২৯ সেশনে ভারত। রীতি, আস্থা, সততা’।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ: অস্থায়ী সদস্যপদে ভোটের প্রচার শুরু করল ভারত
নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সোমবার বিশেষ এক আয়োজনে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 08:40 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেছে ভারত। দেশটি ২০২৮-২০২৯ মেয়াদে এ বিশ্বসংস্থার সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে বসতে চায়।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় সোমবার বিশেষ এক আয়োজনে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘শান্তি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৮-২০২৯ সেশনে ভারত। রীতি, আস্থা, সততা’।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সঙ্গে দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত আরও ১০টি সদস্য দেশ থাকে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার সময় থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে রয়েছে।

জাতিসংঘের নির্বাহী ব্যবস্থাপনাকে সংস্কারের মাধ্যমে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা পাঁচ থেকে বাড়ানোর দাবিতে সরব ভারত এর আগে ২০২১-২২ মেয়াদেও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল।

২০২৮-২০২৯ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য একটি সদস্যপদে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তাজিকিস্তান। আগামী বছরের জুনে নতুন অস্থায়ী সদস্য নির্বাচন করবে জাতিসংঘ সাধারণ পরিষদ।

প্রচারাভিযানের উদ্বোধন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছে ভারত, যখন ক্রমবর্ধমান বিরোধ, সংঘাত ও অস্থিতিশীলতা মোকাবেলা করছে পুরো বিশ্ব। এই সময়ে জাতিসংঘ এবং এর নিরাপত্তা পরিষদের ভূমিকা গ্রহণ আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আজকের এই বিকেলে আপনাদের সামনে ২০২৮-২০২৯ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদে ভারতের প্রার্থিতার সূচনা করতে পারাটা আনন্দের। আমরা এমন এক সময়ে এটা করছি, যখন বিশ্ব গভীর বৈপরীত্বের মুখোমুখি।

“একই সময়, এমন মাত্রার বিরোধ, সংঘাত ও অস্থিতিশীলতা আমরা প্রত্যক্ষ করছি, যা ওই পরিস্থিতি থেকে অনেক দূর অবস্থানকারীদের হুমকির মুখে ফেলছে।”