Published : 13 Feb 2025, 10:14 PM
২০২৪ সাল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বজুড়ে নিহত হয়েছেন রেকর্ড সংখ্যক সাংবাদিক।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গতবছর ১৮ টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর প্রায় ৭০ শতাংশ মৃত্যুর জন্যই ইসরায়েল দায়ী।
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, তিন দশকের বেশি সময় ধরে তাদের সাংবাদিক হত্যার তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ সাংবাদিক নিহতের সংখ্যা।
সিপিজে জানায়, ইসরায়েল-গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা অভিযোগ করেছে, ইসরায়েল এসব ঘটনার তদন্তে বাধা দিচ্ছে। উল্টে তারা সাংবাদিকদের ওপর দোষ চাপাচ্ছে। এমনকি হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে দায়ী বা জবাবদিহির আওতায়ও আনছে না।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মন্তব্য চাইলে তারা জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত কোনও তথ্য না থাকায় তারা তদন্ত করতে পারেনি। তবে তারা দাবি করেছে, সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা বলেছে, “ইসরায়েলি সেনা বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেনি এবং করবেও না।”
সিপিজের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১০২ জন। আর ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হন।
তারা আরও জানিয়েছে, এর আগে ২০০৭ সালে সর্বোচ্চ ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন, যার প্রায় অর্ধেকই ইরাক যুদ্ধের শিকার।
তাদের তথ্য মতে, সুদান ও পাকিস্তান গত বছর সাংবাদিক হত্যার তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল।
সিপিজে- এর প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, "সিপিজের ইতিহাসে এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক সময় বিবেচনা করা হচ্ছে।"
সিপিজে জানিয়েছে, ২০২৩ সালে হাইতি, মেক্সিকো, মিয়ানমার, সুদানসহ বিভিন্ন দেশে অন্তত ২৪ জন সাংবাদিককে তাদের কাজের কারণে ইচ্ছাকৃতভাবে হত্যার নিশানা করা হয়েছে।
ওদিকে, ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ছয়জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন।