রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: দাবি ইউক্রেইনের
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া এত শক্তিশালী, পারমাণবিক হামলা চালাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
ইউক্রেইনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া- এমন দাবি করেছে কিইভের বিমান বাহিনী।
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া এত শক্তিশালী, পারমাণবিক হামলা চালাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। এ হামলা ৩৩ মাসের চলমান যুদ্ধে উত্তেজনা দ্রুত বাড়তে থাকার লক্ষণ।
ইউক্রেইন চলতি সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়া এই অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল। ইউক্রেইন তা অগ্রাহ্য করে এই হামলা চালায়। এরপরই রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল।
এ ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয় এবং এগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত হয়ে থাকলে এটিই হবে সামরিক উদ্দেশে আইসিবিএম এর প্রথম ব্যবহার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ অস্ত্র এটি।
ইউক্রেইনে রাশিয়ার ৩৩ মাস ধরে চলা যুদ্ধ যখন ক্রমবর্ধমান গতিতে চলছে তখন মধ্য-পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।
ইউক্রেইনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদা জানিয়েছে, রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছিল আরএস-২৬ রুবেজ সিরিজের। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। এ ক্ষেপণাস্ত্র ৫,৮০০ কিলোমিটার পাড়ি দিতে পারে।
রাশিয়া ২০১২ সালে এই ক্ষেপণাস্ত্র প্রথম সফলভাবে পরীক্ষা করেছিল। এর দৈর্ঘ্য প্রায় ১২ মিটার এবং ওজন ৩৬ টন। এটি ৮০০ কেজি ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।
আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কী লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা ইউক্রেইনের বিমান বাহিনী জানায়নি। তবে নিপ্রো শহরের গভর্নর সের্হি লিসাক জানিয়েছেন, হামলায় একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
ইউক্রেইনের বিমানবাহিনী জানিয়েছে, আইসিবিএম দিয়ে হামলার পাশাপাশি রাশিয়া এ হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সাতটি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। এর মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
ইউক্রেইনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, এই আইসিবিএম ক্ষেপণাস্ত্র রাশিয়ার আস্ত্রাখান অঞ্চল থেকে ছোড়া হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কী ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটি পারমাণবিক অস্ত্রবাহী ছিল কিনা, তা নিশ্চিত করে জানায়নি তারা।
