ফিলিস্তিনিদের দুর্দশায় মস্কো ‘ব্যথিত’: আব্বাসকে পুতিন
রাশিয়ার রাজধানী মস্কো সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে এই সমবেদনা প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, ফিলিস্তিনের জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত। আর তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্খাকেও মস্কো সমর্থন করে।
তিনি বলেন, ইউক্রেইনে নিজেদের যুদ্ধের নানা চাহিদার মধ্যেও রাশিয়া মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে নজর রাখছে। তবে রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেইনের অনুপ্রবেশ এবং এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের বিষয়টি পুতিন তার কথায় সরাসরি উল্লেখ করেননি।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, “সবাই ভালভাবেই জানে রাশিয়াকে আজ দুঃখজনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ ও জনগণকে রক্ষা করতেই হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, সেটিও আমাদের পক্ষ থেকে নজর এড়িয়ে যাচ্ছে না।”
“আর আমরা অবশ্যই খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনে নেমে আসা এই মানবিক বিপর্যয় লক্ষ্য করছি,” বলেন তিনি।
রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় গেছেন আব্বাস। বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারা যাবেন।
রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়েরই দীর্ঘদিনের সম্পর্ক আছে। কিন্তু গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মস্কো হামাস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করায় এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখানোয় ইসরায়েল নাখোশ হয়েছে।
মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠককালে আব্বাস বলেন, “রাশিয়া ফিলিস্তিনি জনগণের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি। আপনার সমর্থনও হৃদয়ঙ্গম করতে পারি।”
ইসরায়েল যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের একজন রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে আব্বাস উল্লেখ করেন।
