চীনে জুতা কারখানায় আগুন, নিহত ২৮
সিনহুয়া’র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নশিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছে।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিনজিয়াং নগরীর একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা সিনহুয়া’র প্রকাশিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছে।
এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করতে ছুটে গেছে জানিয়েছে।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং নগরীকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। কারণ, এটি চীনের জুতা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র।
অগ্নিকাণ্ডে কতজন আহত হয়েছে তা জানা যায়নি। প্রাথমিক খবরে আভাস পাওয়া গেছে যে, আগুন লেগেছিল কারখানার নিচতলায়, যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল।
কর্তৃপক্ষ কারখানার মালিকের হয়ে কাজ করা বেশ কয়েকজনকে আটক করেছে এবং কারখানাটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
