২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু

কাতার থেকে আসা ফ্লাইট দামেস্ক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদেরকে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 07 Jan 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

সিরিয়ায় গতমাসে বিদ্রোহী অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির রাজধানী দামেস্কের বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।

দামেস্কের স্থানীয় সময় দুপুরের দিকে কাতার থেকে আসা এই ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দরে যাত্রীরা নামার পর তাদেরকে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। কেউ কেউ সিরিয়ার স্বাধীনতার তিন-তারকা পতাকা মুড়ে ছিল।

দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফাল্লু বলেন, ‘আজ এক নতুন সূচনা হল। আমরা আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করেছি। দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজায় গেছে বলে জানান তিনি।

আর প্রায় ১৩ বছর পর কাতারের বাণিজ্যিক ফ্লাইট সিরিয়ার দামেস্কে অবতরণ করেছে। গত বছর ৮ ডিসেম্বরে বিদ্রোহীদের ঝড়ো অভিযানের মুখে বাশার আল-আসাদের পতন হয়। তিনি সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর থেকে সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ছিল। মঙ্গলবারই প্রথম দামেস্কে আন্তর্জাতিক ফ্লাইট চালু হল।

আন্তর্জাতিক সাহায্য সরবরাহকারী উড়োজাহাজ এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা এরই মধ্যে সিরিয়ায় পা দিতে শুরু করেছেন। দেশটির অভ্যন্তরীন ফ্লাইট চলাচলও শুরু হয়েছে।