উত্তর কোরিয়ায় কর্মকর্তাদের জামায় প্রথম কিমের ছবির পিন
রাষ্ট্রীয় গণমাধ্যমে আসা ছবিতে সরকারি কর্মকর্তাদের জামায় লালের ওপর কিমের মুখচ্ছবি অঙ্কিত পতাকা-আকৃতির পিন জ্বলজ্বল করতে দেখা গেছে।
উত্তর কোরিয়ায় এই প্রথম সরকারি কর্মকর্তাদেরকে জামায় পরতে দেখা গেল নেতা কিম জং-উনের মুখচ্ছবি সম্বলিত পিন।
রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে আসা ছবিতে সরকারি কর্মকর্তাদের জামায় এই পিন লাগানো থাকতে দেখা যায়।
এতদিন কিমের বাবা ও দাদার ছবি শোভা পেতে দেখা গেছে এভাবে। এবার বাবা-দাদার মতো একইভাবে পুজনীয় ব্যক্তিত্ব হয়ে ওঠার পথে পা বাড়ালেন নেতা কিম জং-উনও।
রোববার উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটির দশম প্লেনারি বৈঠক চলছিল।
সেখানেই দেখা যায়, উপস্থিত সরকারি কর্মকর্তাদের বুকের বাঁদিকে কিম জং-উনের ছবির পিন আটকানো রয়েছে। পতাকা-আকৃতির এই পিনে লালের ওপর অঙ্কিত রয়েছে কিমের মুখচ্ছবি। আর বুকের ডানদিকে কর্মকর্তারা পরেছেন পার্টির লোগোর পিন।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এও দেখা গেছে যে, বাবা ও দাদার পোট্রেটের পাশেই দেয়ালে শোভা পাচ্ছে কিম জং উনের পোট্রেট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উত্তর কোরিয়ায় কিম পরিবারের শাসন চলে আসছে। ব্যক্তিত্ব পূজা বা ‘কাল্ট লিডার’ হয়ে ওঠার মধ্য দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছেন।
বাবা কিম জং-ইল এবং দাদা কিম-ইল সাংয়ের পর দেশের ক্ষমতায় বসেছেন কিম জং-উন। এখন তিনিও একইভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন। হয়ে উঠতে চাইছেন ‘কাল্ট লিডার’। কিম জং-উন পিন সেপথেই সর্বসাম্প্রতিক পদক্ষেপ।
এর আগে গত এপ্রিলে প্রকাশিত হয়েছিল মিউজিক ভিডিও। সেখানে কিমকে ‘বন্ধুবৎসল বাবা’ ও ‘মহান নেতা’ বলে উল্লেখ করা হয়। সরকারি কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল সেই মিউজিক ভিডিও।
