২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ঝড়ে দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৩, আহত ৩৫

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দৈত্যাকার বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীত দিকে ছিল।

মুম্বাইয়ে ঝড়ে দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৩, আহত ৩৫
ভিডিও থেকে নেওয়া ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 09:20 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ধুলা ঝড়ের মধ্যে একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে শতাধিক মানুষ চাপা পড়েছিলেন। পরে ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে তিনটি মৃতদেহ, আহত অবস্থায় ৩৫জন এবং আরও ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দৈত্যাকার বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীত দিকে ছিল।

অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটি ভেঙে পড়ে ঠিক ফুয়েল স্টেশনটির মাঝখানে এসে পড়েছে।

ফুয়েল স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ধাতব কাঠামোতে তৈরি বিলবোর্ডটির নিচে চাপা পড়ে।

এখনও ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানান, রাজ্য সরকার থেকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ধুলা ঝড়ের কবলে পড়ে মুম্বাই। এতে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়, বড় বড় গাছ উপড়ে যায়, অবকাঠামো ভেঙে পড়ে এবং অনেক জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝড় শুরুর মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

আকাশ অন্ধকারে ঢেকে যাওয়ায় স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একাংশ এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ধুলা ঝড়ে আকাশ অন্ধকার হয়ে পড়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এবং ঝড়ো বাতাসের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা প্রায় ৬৬ মিনিট বন্ধ ছিল।