গ্রিক দ্বীপ লেসবসের কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত অন্তত ৪
৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গ্রিক দ্বীপ লেসবসের কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।
সমুদ্র থেকে ৭ অভিবাসন প্রত্যাশীকেও জীবিত উদ্ধারের কথাও তারা নিশ্চিত করেছে।
“চারটি মৃতদেহ পেয়েছি আমরা। উদ্ধার অভিযান চলছে। ওই নৌকায় আরও লোক ছিল কিনা জানি না আমরা,” কোস্টগার্ডের এক কর্মকর্তা এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তুর্কি উপকূলের নিকটে লেসবসের কাছে এ নিয়ে অক্টোবরেই অভিবাসন প্রত্যাশীদের নৌকা দুর্ঘটনায় পড়ে প্রাণহানির দুটি ঘটনা ঘটল।
যুদ্ধ ও দারিদ্র্যের কবল থেকে বাঁচতে ২০১৫-১৬ সালে মধ্য প্রাচ্য ও আফ্রিকা থেকে ১০ লাখের বেশি লোক ইউরোপ পাড়ি দিয়েছিল; সেই সময় এই অভিবাসন সঙ্কটের সামনের দিকেই ছিল গ্রিস।
অভিবাসন প্রত্যাশীদের ঢেউ পরে ক্রমশ কমে আসে। যদিও লিবিয়া থেকে ক্রেট ও গাভদোস দ্বীপ হয়ে গ্রিসে ঢুকতে আগ্রহীদের সংখ্যা বেড়ে যাওয়ার পর গ্রিস তার অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছে।
