২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে অস্পষ্টতা, আপাতত কাটছে না জট

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরে যাওয়ার খবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা শান্তি আলোচনা শুরুর আশা জেগে উঠলেও এ মুহূর্তে এমন সম্ভাবনা থমকে রইল বলেই মনে হচ্ছে।

পাকিস্তানে আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে অস্পষ্টতা, আপাতত কাটছে না জট
জে ডি ভ্যান্স। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 10:36 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।

তবে এয়ার ফোর্স টু আর তাকে নিয়ে উড়ে যায়নি এবং দু’পক্ষের আলোচনাও আর এগোয়নি।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দেন, যে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল বুধবার সন্ধ্যায়।

ট্রাম্পের ওই ঘোষণার একদিন পর শুক্রবার ইরান নিশ্চিত করেছে যে, তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এদিন রাতে ইসলামাবাদ সফরে যাচ্ছেন।

তবে ইসলামাবাদে কী আলোচনা হবে বা যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। এর ফলে সেখানকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

কিন্তু ইরান-যুক্তরাষ্ট্রের এই বহুপ্রতিক্ষীত শান্তি আলোচনা নিয়ে আপাতত জট কাটছে না বলেই মনে হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবারেই পাকিস্তান সফরে যাচ্ছেন- এমন খবরে নতুন দফা শান্তি আলোচনা শুরুর আশা-উদ্দীপনা জেগে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে এমন সম্ভাবনা থমকে রইল বলেই প্রতীয়মান হচ্ছে।

কারণ, ইরান থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে- তাতে বলা হচ্ছে যে, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হব; যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় বা শান্তি আলোচনা নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কেবল পাকিস্তানই নয়, ওমানের মাস্কাট এবং রাশিয়ার মস্কোতেও সফর করবেন বলে এক্সে এক পোস্টে জানিয়েছেন।

তার এই সফরের লক্ষ্য দ্বিপক্ষীয় বৈঠক করা এবং আঞ্চলিক উন্নয়ন ও ইরান যুদ্ধ নিয়ে কথা বলা বলে জানিয়েছেন তিনি। আরাকচি বলেন, “আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।”