২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 06:16 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 

রয়টার্স লিখেছে, বুধবার মেলবোর্নে একটি সমরাস্ত্র প্রদর্শনীর বাইরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ বাঁধলে অনেকে আহত হন। বিক্ষোভকারীদের ৩৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিক্ষোভ থেকে অনেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্পঞ্জ গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের রক্ষা করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। তাদের দিকে বিক্ষোভকারীরা পাথর, ঘোড়ার মল এবং বোতল নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় যানবাহন চলাচলও ব্যাহত হয় বলে জানান ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার শেন প্যাটন।

সংঘর্ষে আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য চিকিৎসাধীন। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন তিনি।

প্যাটন বলেন, “যদি আপনারা এখানে প্রতিবাদ করতে চান, তাহলে শান্তিপূর্ণভাবে করুন। আমরা কোনো ধরনের অপরাধমূলক আচরণ সহ্য করব না।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন নামের দ্বিবার্ষিক এই প্রদর্শনীর বাইরে প্রায় ১,২০০ মানুষ বিক্ষোভে অংশ নেয়।

৩১টি দেশের প্রায় এক হাজার প্রতিষ্ঠান শুক্রবার পর্যন্ত এ আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।