ইরানের প্রেসিডেন্ট হিসেবে খামেনির অনুমোদন পেলেন পেজেশকিয়ান
সংস্কারপন্থী পেজেশকিয়ান আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন মাসুদ পেজেশকিয়ানকে।
বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি এবং নিজ দেশে দমন-পীড়ন শিথিল করার প্রতিশ্রুতি দিয়ে এ মাসে নির্বাচনে জয় পেয়েছেন মধ্যপন্থি হিসাবে পরিচিত পেজেশকিয়ান।
রোববার একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাকে অনুমোদন দেওয়া হয়। পেজেশকিয়ান আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন ।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলি খামেনি পেজেশকিয়ানকে অনুমোদন দিয়ে পরে এক ভাষণে ইরানের দীর্ঘদিনের ইসরায়েলবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
এমন সময় পেজেশকিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন যখন লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা চলছে।
শনিবারেই ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করে পাল্টা জবাবে হুমকি দিয়েছে। এরপরই ইরান লেবাননে কোনও অভিযান চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে।
খামেনি পেজেশকিয়ানকে অনুমোদন দেওয়ার পর অনুষ্ঠানের ভাষণে গাজায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের প্রশংসা করে বলেন, ইহুদিবাদী সরকার (ইসরায়েল) কোনও রাষ্ট্র নয় এটি একটি অপরাধী দল।
নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আমলে পশ্চিমাদের সঙ্গে ইরানের বৈরি সম্পর্কের একটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষেত্রে তেহরানের সমর্থনসহ বিভিন্ন নীতিতে পেজেশকিয়ান বড় কোনও পরিবর্তন আনতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।
আর ইরানের আঞ্চলিক নীতি নির্ধারণে জড়িত থাকে প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস বাহিনী। তারা কেবল খামেনির কাছেই জবাবদিহি করে থাকে।
গত মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সেই নির্বাচনেই কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থি হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান।
