চীনের গুয়াংসি অঞ্চলে ভূমিকম্পে ২ মৃত্যু, নিখোঁজ ১
নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। আহত চার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝো শহরের লিউনান এলাকায় ভূমিকম্পে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে ও আরও একজন নিখোঁজ রয়েছে।
স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি হয়।
নিহতদের ৬৩ ও ৫৩ বছর বয়সী দম্পতি বলে শনাক্ত করেছে কর্তৃপক্ষ, জানিয়েছে চায়না ডেইলি।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। আহত চার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের কারণে রেলসহ যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।
চীনের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর লিউনান থেকে সাত হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। তবে লিউনানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
