২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় গণহারে পদত্যাগের প্রস্তাব ইউনের সহযোগীদের

অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের চিফ অব স্টাফ, পলিসি চিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টাসহ সব জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 01 Jan 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকটের মধ্যেই গণহারে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের জ্যেষ্ঠ সহযোগীরা।

ইউনের চিফ অব স্টাফ, পলিসি চিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টাসহ সব জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগপত্র দাখিল করছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।

কার্যালয় আরও জানায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই বলেছেন, তিনি তাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ, এখন অগ্রাধিকার হচ্ছে দেশের অর্থনীতির উন্নতি এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় স্থিতিশীল করার দিকে মনোনিবেশ করা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা এর আগেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

ওই কর্মকর্তা বলেন, চোই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ঊধ্র্বতন কর্মকর্তারা তাকে সহায়তা করছেন। 

অন্য দুই কর্মকর্তা বলেন, এই সহযোগীরা দৈনন্দিন সরকারি কার্যক্রমে অংশ নেন না, তবে প্রয়োজনে চোইয়ের কাছে তাদেরকে রিপোর্ট করার পাশাপাশি বৈঠকেও অংশ নিতে হবে।

ইউনের বিরুদ্ধে অভিশংসন বিচার পরিচালনাকারী সাংবিধানিক আদালতে দুটি শূন্যপদ পূরণের জন্য চোইয়ের আকস্মিক অনুমোদনের একদিন পরে সহযোগীদের সর্বসাম্প্রতিক এই পদত্যাগের প্রস্তাব আসে।

এর ফলে নয় সদস্যের আদালতে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ায় আটজনে। ইউন মামলায় যে কোনও সিদ্ধান্ত হওয়ার জন্য কমপক্ষে ছয়জন বিচারকের সম্মতির প্রয়োজন হবে।

এদিকে ইউনের ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি চোইয়ের সিদ্ধান্ত 'গোঁড়ামিপূর্ণ' আখ্যা দিয়েছে এবং তিনি যথেষ্ট পরামর্শ করে এ সিদ্ধান্ত নেননি বলে সমালোচনা করেছে।

প্রধানমন্ত্রী হান ডাক-সু'র অভিশংসনের পর শুক্রবার অর্থমন্ত্রী চোই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৪ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এর আগে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়ার আদালত, জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।

ইউন ৩ ডিসেম্বর সবাইকে হতবাক করে দেশে সামরিক আইন জারি করেছিলেন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়।

ইউনের স্বল্প মেয়াদী সামরিক আইন জারির বিষয়টি নিয়ে তদন্তরত কর্মকর্তাদের অনুরোধে মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত পরোয়ানাটি অনুমোদন করে বলে উচ্চ পদাধিকারী কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও) নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বর্তমান কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা এটি।