২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলা না থামলে তেহরান জ্বলবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের জন্য করা এক বৈঠকের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হুমকি দেন।

ক্ষেপণাস্ত্র হামলা না থামলে তেহরান জ্বলবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর রিশোন লেজিওনে হওয়া ক্ষয়ক্ষতি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি ইসরায়েলি বেসামরিকদের দিকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা না হয় তাহলে ‘তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে’। 

শনিবার ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের জন্য করা এক বৈঠকের পর কাটজ এ হুঁশিয়ারি দেন, জানিয়েছে বিবিসি। 

এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের একনায়ক ইরানের নাগরিকদের জিম্মিতে পরিণত করছে আর এমন এক বাস্তবতা তৈরি করছে যার মধ্যে তারা, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের ইসরায়েলের বেসামরিকদের ওপর অপরাধমূলক হামলার জন্য ব্যাপক মূল্য চুকাতে হবে।  

“খামেনি যদি ইসরায়েলি বেসামরিকদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে, তেহরান জ্বলবে।” 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানে এয়াল জামির, গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নেয়া ও ইসরায়েলের অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে এ বার্তা দেন কাটজ।  

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রামাত গান শহরে হওয়া ক্ষয়ক্ষতি। ছবি: রয়টার্স 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রামাত গান শহরে হওয়া ক্ষয়ক্ষতি

শনিবার ইরান ও ইসরায়েল পরস্পরের লক্ষ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। এর আগের দিন শুক্রবার ইসরায়েলে তার দীর্ঘদিনের শত্রু ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে এবং পারমাণবিক প্রকল্পগুলোতে হামলা চালায়। 

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় রাজধানী তেহরানের একটি হাউজিং কমপ্লেক্সে ২০ শিশুসহ প্রায় ৬০ জন নিহত হয়েছেন। ইরানজুড়ে আরও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েল বলেছে, তারা ইরানের দেড়শটিরও বেশি লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। 

ইসরায়েলে আকাশ হামলার সাইরেন বেজে উঠলে বাসিন্দারা ভূগর্ভস্থ সুরক্ষা কেন্দ্রে চলে যান। এর পরপরই আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের ঢেউ ঝলকানি তোলে আর ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলি সেগুলো ধ্বংস করার জন্য সক্রিয় হয়ে ওঠে। রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত ও ৭৭ জন আহত হন। আহতদের মধ্যে সাত ইসরায়েলি সেনা রয়েছেন। 

ইসরায়েলি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান চার ধাপে প্রায় ২০০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।  

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর রিশোন লেজিওনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: রয়টার্স 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর রিশোন লেজিওনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলি আক্রমণের প্রশংসা করেছেন এবং দুই দেশের মধ্যে চলা আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচী হ্রাস করার ওয়াশিংটনের দাবি দ্রুত মেনে না নিলে আরও তীব্র হামলার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন। 

ইসরায়েল জানিয়েছে, ইরানে তাদের অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। তারা ইরানের জনগণকে তাদের ইসলামিক ইমামদের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।   

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে দেশটিতে সাহায্য করেছে। 

তেহরান সতর্ক করে বলেছে, ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যদি তেল আবিবের মিত্ররা গুলি করে ধ্বংস করতে সাহায্য করে তবে মধ্যপ্রাচ্যে থাকা ওই মিত্রদের সামরিক ঘাঁটিগুলো তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যস্থল হয়ে উঠতে পারে।   

ইরানি জেনারেল ও পার্লামেন্ট সদস্য ইসমাইল কোসারি জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে কি না, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছে। 

ইরান এ ধরনের কোনো পদক্ষেপ নিলে পারস্য উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের তেল ও এনএলজি রপ্তানি বন্ধ হয়ে যাবে। ইরানে ইসরায়েলের হামলার পর অপরিশোধিত তেলের দাম শুক্রবার সাত শতাংশ বেড়ে গেছে। হারমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করবে।  

গাজায় ২০ মাস ধরে চলা যুদ্ধে আর গত বছর লেবাননের সংঘাতে ইরানের আঞ্চলিক দুই ছায়া বাহিনী গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহ প্রায় ধ্বংস হয়ে গেছে, ফলে ইরানের পাল্টা হামলা চালানোর উপায় অনেকটাই হ্রাস পেয়েছে।