ট্রাম্প এখন নিরাপদ নন: পুতিন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর এখন আর নিরাপদ নন বলেই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর এখন আর নিরাপদ নন বলেই মনে করেন পুতিন।
কাজাখস্তানে বৃহস্পতিবার এক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার ঘটনাবলী দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার কথায়, “ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হত্যাচেষ্টার মতো একেবারেই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তাও একাধিকবার।”
তিনি বলেন, “আমার মতে ট্রাম্প এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান। আশা করি তিনি বিষয়টি বোঝেন এবং সতর্ক আছেন।”
যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচার চলার সময় গত ১৩ জুলাই পেনসিলভেইনিয়ার জনসমাবেশে ট্রাম্পের ওপর প্রথম হত্যা প্রচেষ্টা হয়। ২০ বছরের এক তরুণের গুলি থেকে অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তার ডান কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি।
এরপর গত ১৫ সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একটি রাইফেল নিয়ে ঝোপে লুকিয়ে ছিল আততায়ী। অবশ্য সে গুলি চালানোর আগেই তাকে ধরে ফেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা।
তাছাড়া, সম্প্রতি অ্যারিজোনায় একজন গ্রেপ্তার হয়েছেন, যিনি ফেইসবুকে ভিডিও পোস্ট করে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে সবসময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে রাজনৈতিক বিরোধীদের সমালোচনা দেখে পুতিন আরও বেশি বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন।।
তিনি এমন আচরণকে ‘বিদ্রোহীমূলক’ আখ্যা দেন এবং বলেন, রাশিয়ায় ‘দস্যুরাও’ এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেইনকে অনুমতি দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে জো বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে কঠিন করার চক্রান্ত করছে- এমন সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না বলে জানান তিনি।
তবে পুতিন মনে করেন, ট্রাম্প যুদ্ধ বন্ধে কোনও সমাধান খুঁজে পাবেন। আর মস্কোও সংলাপের জন্য প্রস্তুত।
