২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসাল চীন, চাইছে আলোচনাও

“যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি, তারা যেন বেশি দেরি হওয়ার আগেই তাদের অত্যাচারী চেহারা ছেড়ে সংলাপ ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসে,” বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসাল চীন, চাইছে আলোচনাও
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 01:12 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যে শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ কার্যকর হওয়ার দিনই বেইজিং মার্কিন কৃষি পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনকে জবাব দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প ফেব্রুয়ারিতে চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদকের প্রবেশ রুখতে বেইজিং কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ তুলে সম্প্রতি তিনি এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দেন। 

নতুন এই শুল্ক মঙ্গলবার থেকে আরোপ হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 

শুল্ক কার্যকর হওয়ার পরপরই বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন কৃষিপণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপের খবর দিয়ে বলেন, “যে কোনো বাণিজ্য যুদ্ধের তিক্ত শেষ প্রান্ত পর্যন্ত লড়াই করে যাবে চীন। 

ট্রাম্প তার প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। যা বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছিল।

বেইজিং বলছে, তারা এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে তারা চাইছে আলোচনায় বসে নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলতে।

বিশ্লেষকরাও বলছেন, ট্রাম্পের শুল্কের পাল্টায় চীন যে পদক্ষেপ নিয়েছে তাতে মনে হচ্ছে তারা আলোচনায় আগ্রহী, সংঘাতে নয়।  

তাদের এই জোরাল পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে যেমন বড় ধাক্কা দিতে পারে, তেমনি আলোচনার দুয়ারও খোলা থাকছে। ওয়াশিংটন সমঝোতা চাইলে তারা সে পথে এগুবে, আর বাণিজ্য যুদ্ধ চাইলে তারাও যুদ্ধের মেজাজে অগ্রসর হবে, ধারণা তাদের। 

“আমরা যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি, তারা যেন বেশি দেরি হওয়ার আগেই তাদের অত্যাচারী চেহারা ছেড়ে সংলাপ ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসে,” বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। 

ফেব্রুয়ারির পর এ নিয়ে দুই দেশ একে অপরের ওপর দুই দফা শুল্ক আরোপ করলো। তবে এবার চীন মার্কিন কৃষকদের নিশানা বানিয়ে ডনাল্ড ট্রাম্পকে বেশ বিপাকেই ফেলতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন।

যুক্তরাষ্ট্রের কৃষকদের সিংহভাগই ট্রাম্পের সমর্থক। ২০২৪ সালেও কৃষি অধ্যুষিত এলাকাগুলোর প্রায় ৭৮ শতাংশ ট্রাম্পকেই তাদের প্রার্থী হিসেবে পছন্দ করেছিল।

এ কৃষকদের উৎপাদিত মুরগি, গরু, শূকর ও সয়াবিনের অন্যতম বড় ক্রেতা চীন, কিন্তু আগামী সোমবার থেকে এসব পণ্য রপ্তানিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। 

“এই শুল্ক যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বাজারের জন্য নেতিবাচক। দামের ওপর এর বড় ধরনের প্রভাব থাকবে। চীন চাইলে যুক্তরাষ্ট্রের বাইরে থেকেও ভুট্টা ও সয়াবিন কিনতে পারে, সে পরিমাণ পণ্য বিশ্বে আছেও। কিন্তু এটি যুক্তরাষ্ট্রের জন্য সমস্যার, কেননা দেশটির ৩০ শতাংশ সয়াবিন এখনও চীনেই যায়,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ইকন কমোডিটিজের ওলে হুই। 

বেইজিংয়ের আশা, তারা যে পাল্টা শুল্ক দিয়েছে তাতে ট্রাম্প প্রশাসন হুঁশে ফিরবে এবং আলোচনার দুয়ার খুলবে।

তবে ভয়ও আছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যদি নতুন করে আরও শুল্ক বসায় তাহলে দুই দেশের মধ্যে পুরোদস্তুর বাণিজ্য যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। 

সেক্ষেত্রেও চীন প্রস্তুত বলে এর মন্ত্রণালয়গুলোর বিবৃতি থেকে জানা যাচ্ছে।  

“চীনকে কাবু করার জন্য চাপ, জবরদস্তি ও হুমকি সঠিক পথ নয়,” বলেছেন লিন।

মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার পণ্যেও ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, মার্কিন শুল্কের পাল্টায় তারাও শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসাতে যাচ্ছেন। একই রকম পদক্ষেপের কথা ভাবছে মেক্সিকোও, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।