রাইসি: হেলিকপ্টার দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার
মৃতদেহ গুলোর পরিচয় সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। সেগুলোর কয়েকটি পুড়ে গেছে বলে জানিয়েছেন ইরানের এক সামরিক কর্মকর্তা।
ইরানের দুর্গম পার্বত্যাঞ্চলে যেখানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখান থেকে মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।
ইরানি রেড ক্রিসেন্ট থেকে মৃতদেহ উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ইরানের একজন সামরিক কর্মকর্তা বলেন, মৃতদেহগুলোর পরিচয় সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ, সেগুলোর কয়েকটি পুড়ে গেছে।
বিরূপ আবহাওয়ার মধ্যে রোববার পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার।
সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
