Published : 10 Feb 2026, 01:08 AM
বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলের কূটনীতি সামলাতে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) পররাষ্ট্র বিষয়ক সাবকমিটির শুনানিতে সাক্ষ্য দিতে চলেছেন।
আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ইস্টার্ন টাইম দুপুর ২টায় রেবার্ন হাউজ অফিস ভবনে ২১৭২ নম্বর কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হবে। দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে পল কাপুর সাক্ষ্য দেবেন। এ অঞ্চলে মার্কিন পররাষ্ট্রনীতি পরখ করতেই এই উন্মুক্ত শুনানির আয়োজন।
দক্ষিণ এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর হাউজে এটিই হবে পল কাপুরের প্রথম শুনানি। এর আগে কাপুর দায়িত্ব নেওয়ার প্রাক্কালে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে মনোনয়নের শুনানির জন্য হাজির হয়েছিলেন গতবছর ১০ জুনে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বছর দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে মনোনীত করেছিলেন।
গতবছরেরই ৭ অক্টোবর মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ ভোটাভুটিতে (৫১-৪৭ ভোট) তার নিয়োগ চূড়ান্ত হয়। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন প্রশাসনের শীর্ষ এই কূটনৈতিক পদে তিনি দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে পল কাপুর দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতিকে বৃহত্তর বলে উল্লেখ করেছিলেন।
তিনি জানিয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবেলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে কাজ করবেন।
এবার কাপুর মার্কিন প্রতিনিধি পরিষদের ‘ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটি অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া’র উন্মুক্ত শুনানিতে হাজির হতে চলেছেন। কংগ্রেসের তথ্যানুযায়ী, এই শুনানির মূল বিষয়বস্তু হল,‘দক্ষিণ এশিয়া: এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি’।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে এই অঞ্চলে মার্কিন প্রশাসনের অবস্থান নিয়ে পল কাপুরের প্রথম আনুষ্ঠানিক জবাবদিহি। কমিটির নিজস্ব ওয়েবসাইট ‘ফরেনঅ্যাফেয়ার্স ডট হাউজ ডট গভ’- এ পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।