গুলিতে আহত স্লোভাক প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেন
ফিকোকে রাজধানী ব্রাতিস্লাভায় তার বাড়িতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্লোভাক গণমাধ্যমের খবরে।
স্লোভাকিয়ায় আততায়ীর গুলিতে আহত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি সেরে উঠছেন।
বৃহস্পতিবার ফিকোকে রাজধানী ব্রাতিস্লাভায় তার বাড়িতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্লোভাক গণমাধ্যমের খবরে। তবে হাসপাতাল এবং সরকারি কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।
হাসপাতাল থেকে এর আগে জানানো হয়েছিল, রবার্ট ফিকোর আরও কিছু ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সেগুলোতে তার স্বাস্থ্যের উন্নতির ইতিবাচক ফল এসেছে। তিনি ভাল বোধ করছেন।
গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আততায়ীর হামলার শিকার হন। স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় নগরী হ্যান্ডলোভায় সরকারি এক বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে পাঁচবার গুলি করা হয়।
এরপর দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছিল মধ্য ইউরোপের দেশটির এই প্রধানমন্ত্রীকে। তাৎক্ষণিকভাবে তার অস্ত্রোপচার করা হয় পাঁচ ঘণ্টা ধরে।
স্লোভাকিয়ার বানস্কা বিস্ত্রিকা শহরে এফডি রুজভেল্ট ইউনিভার্সিটি হাসপাতালে ফিকোর চিকিৎসা চলেছে। প্রথম অস্ত্রোপচারের দুইদিন পর ফিকোর আরেকটি অস্ত্রোপচার তার সেরে ওঠার আশা বাড়ায়।
ফিকোর ওপর হামলার ঘটনার ইউরোপজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল। ৫৪ লাখ মানুষকে দেশটির জ্বরাগ্রস্ত ও মেরুকরণের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। অবশেষে হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরলেন তিনি।
স্লোভাকিয়ার পুলিশ হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার নাম জুরাস সি বলে জানিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিরা।
স্থানীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তির পরিচয়ে বলা হয়েছে, ৭১ বছর বয়সি জুরাস একটি বিপণিবিতানের সাবেক নিরাপত্তারক্ষী এবং তিনটি কবিতা সংকলনের লেখক।
