রাশিয়াকে শিগগিরই কয়েকশ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান
ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে জলদিই কয়েকশ স্যাটেলাইট–চালিত অস্ত্র ইরান দিতে চলেছে বলে ধারণা প্রকাশ ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র।
রাশিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে স্বল্পপাল্লার ফাথ–৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে।
ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই কয়েকশ স্যাটেলাইট–চালিত অস্ত্র ইরান দিতে চলেছে বলে ধারণা প্রকাশ করেছে ওই সূত্র।
গতবছর ১৩ ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে চুক্তি সই হয়েছে রাশিয়াকে ফাথ–৩৬০ এবং আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়া নিয়ে।
ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এআইও), যেগুলোকে আবাবিল ক্ষেপণাস্ত্র বলা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা।
গোপন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ কর্মকর্তারা জানান, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের একটি দল ফাথ–৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের কৌশল শিখতে ইরানে গেছেন।
ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার (প্রায় ৭৫ মাইল) দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে এবং ১৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে।
একটি গোয়েন্দা সূত্র বলছে, প্রশিক্ষণের পর একমাত্র পরবর্তী পদক্ষেপ হচ্ছে- রাশিয়ায় এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা।
রাশিয়ার কাছে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু ইরান ফাথ-৩৬০ ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করলে রাশিয়া যুদ্ধের সম্মুখসারি ছাড়িয়ে আরও দূরে নিজেদের অস্ত্র ব্যবহারের পাশাপাশি কাছের অনেক নিশানাতে ইরানি ওয়ারহেড ব্যবহার তরতে পারবে, বলছেন সামরিক বিশেষজ্ঞরা।
