২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম থাকার খবর, ‘ভুয়া’ বলল হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি গত মে মাসে এপস্টিন সংক্রান্ত তদন্ত নথিতে ট্রাম্পের নাম থাকার বিষয়ে তাকে জানিয়েছিলেন-বলছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম থাকার খবর, ‘ভুয়া’ বলল হোয়াইট হাউজ
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ফাইলে অনেকের সঙ্গে নাম ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি গত মে মাসে এক নিয়মিত ব্রিফিংয়ে এপস্টিন সংক্রান্ত তদন্ত নথিতে ট্রাম্পের নাম থাকার বিষয়ে তাকে জানিয়েছিলেন।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এমন কথাই।  হোয়াইট হাউজের মুখপাত্র প্রাথমিক এক বিবৃতিতে এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। 

তবে পরে হোয়াইট হাউজের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এও বলেছেন যে, কিছু ফাইলে ট্রাম্পের নাম থাকার কথা তারা অস্বীকার করছেন না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কয়েকমাস আগে এপস্টিন সংক্রান্ত যেসব ফাইল প্রকাশ করেছিল তাতেই ট্রাম্পের নাম থাকার কথা উল্লেখ করেন এই কর্মকর্তা। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত সেই ফাইলগুলোতে ট্রাম্পের পরিবারের কিছু সদস্যের ফোন নাম্বার ছিল, যাদের মধ্যে ছিলেন ট্রাম্পের মেয়েও।

এপস্টিন সংক্রান্ত আরও বেশি তথ্য প্রকাশ করার জন্য বাড়তে থাকা চাপের মুখে আছে ট্রাম্প প্রশাসন। এপস্টিনের সঙ্গে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পের।

রয়টার্স জানায়, ১৯৯০-এর দশক এবং ২০০০-এর শুরুর দিকে ট্রাম্প ও এপস্টিনের বন্ধুত্ব ছিল। ১৯৯০ এর দশকে এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজের যাত্রী তালিকায় একাধিকবার ট্রাম্পের নাম দেখা গেছে।

এমনকি, ট্রাম্প ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যর নামও পাওয়া যায় এপস্টিনের ‘কনট্যাক্ট বুক’-এ; যেখানে ছিল আরও শত শত নাম।

এসব তথ্যের বেশিরভাগই এপস্টিনের সাবেক সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অপরাধের মামলা চলাকালে প্রকাশিত হয়েছিল। শিশু যৌন পাচার ও অন্যান্য অপরাধে ম্যাক্সওয়েলের ২০ বছরের কারাদণ্ড হয়।

ম্যাক্সওয়েলের বিচার চলাকালে এপস্টিনের দীর্ঘদিনের পাইলট আদালতে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ট্রাম্প একাধিকবার এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছেন। তবে ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল গত বৃহস্পতিবারই এক খবরে জানিয়েছিল, ট্রাম্প অশালীন চিঠি পাঠিয়ে জেফ্রি এপস্টিনকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। সে খবরও ট্রাম্প অস্বীকার করেছেন।

এবার এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম থাকা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবর কয়েক সপ্তাহ ধরে তার প্রশাসনকে ঘিরে চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করার হুমকি সৃষ্টি করেছে।

ট্রাম্পের কিছু সমর্থক অনেক দিন ধরেই এপস্টিনের ক্লায়েন্টদের নিয়ে এবং ২০১৯ সালে জেলে এপস্টিনের মৃত্যুর পরিবেশ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাবশালীদের রক্ষায় এপস্টিন-সম্পর্কিত কেলেঙ্কারির তথ্য গোপন রাখার অভিযোগ আছে, যা তার রাজনৈতিক ভিত্তির মধ্যেই বিভাজন সৃষ্টি করেছে।

ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনের অনেক সমর্থক এখনও বিশ্বাস করে এপস্টিন-সম্পর্কিত তথ্য গোপন করে রাখা হয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য।

এপস্টিন ফাইলস যুক্তরাষ্ট্রের বিতর্কিত কেলেঙ্কারির এক গোপন নথি। ট্রাম্পের রিপাবলিকান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এসব নথি প্রকাশের দাবি উঠেছিল। পরে সেই ফাইলের একটি অংশ প্রকাশ্যে এনেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি।

যৌনদাসী কেনাবেচা এবং প্রভাবশালী ব্যক্তিদের যৌনদাসী সরবরাহের অভিযোগ আছে এপস্টিনের বিরুদ্ধে। অভিযোগ আছে- এপস্টিনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে চলত অবৈধ সম্পর্ক। নাবালিকা, এমনকি শিশুদের দিয়েই চালানো হতো যৌন সম্পর্কের কাজ।

এপস্টিনের ব্যক্তিগত বিমানে করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অতিথিরা সেখানে যেতেন। এপস্টিনর যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পসহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে মাইকেল জ্যাকসন পর্যন্ত বিশ্বের প্রভাবশালী সব ব্যক্তির নাম আছে বলেও শোনা যায়।