Published : 02 Aug 2026, 04:21 PM
ফিলিস্তিনের ছিটমহল গাজায় বিভিন্ন আবাসিক ভবনে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
যুদ্ধ শেষ করার সর্বশেষ ধাপে তারা সম্মত হয়েছে, হামাস এমনটি জানানোর পরও ইসরায়েল এসব হামলা চালিয়েছে বলে রোববার কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি পরিকল্পনার সর্বশেষ ধাপের বিষয়ে তারা সম্মত হয়েছে। এই ধাপে তাদের অস্ত্র সমর্পণ ও গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের কথা রয়েছে।
এ বিষয়ে ইসরায়েল জানিয়েছে, হামাসের ‘প্রকৃত’ অস্ত্রসমর্পণ ছাড়া গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে না তারা।
অপরদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলকে আগে সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সেনা সরিয়ে নিতে হবে, তবেই কেবল ভারী অস্ত্র হস্তান্তর করবে তারা।
আল আরাবিয়া জানিয়েছে, একটি রাজনৈতিক সূত্র আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন যে ‘হামাসের সত্যিকারের নিরস্ত্রীকরণ’ ছাড়া ‘কোনো ধরনের সেনা প্রত্যাহার হবে না’।
গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা রোববার জানিয়েছেন, প্রায় মধ্যরাতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী আর তারা বেশ কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে।
সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, গাজার মধ্যাঞ্চলের কাছে এক ভবনে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে চালানো হামলায় এক পুরুষ ও তার স্ত্রী নিহত হয় আর আরও বেশ কয়েকজন আহত হয়।
গাজা সিটির পশ্চিমে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আরেক হামলায় একজন বৃদ্ধ ও এক শিশু নিহত হয়। খান ইউনিস শহরের একটি অ্যাপার্টমেন্টে আরেক হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়।