২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে জেলেনস্কি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ইউরোজোনের দেশগুলোর ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

ইউরো সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে জেলেনস্কি
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর এবার যুক্তরাজ্য সফরে গেছেন।

তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার পাশাপাশি ইউরোজোনের দেশগুলোর ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনটির আয়োজন করছেন কিয়ার স্টারমার। ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ অবসান নিয়ে সম্মেলনে আলোচনা চলবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেইনের খনিজ সম্পদ চুক্তি করার আগে দিয়ে এই আলোচনা হচ্ছে। এই চুক্তি করা নিয়েই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাদানুবাদে জড়িয়েছিলেন জেলেনস্কি।

ফলে খনিজ চুক্তি আর সই হয়নি। ট্রাম্পের সঙ্গে এই বিরূপ সম্পর্কের প্রেক্ষাপটে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় নেতারা। বেশ কিছু সংখ্যক ইউরোপীয় নেতা গত ২৮ ফেব্রুয়ারিতেই জেলেনস্কিকে দৃঢ় সমর্থন দিয়েছেন।

এর মধ্যে আছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও।

আর যুক্তরাজ্যকে যুদ্ধের শুরু থেকেই মিত্র হিসেবে পেয়েছে ইউক্রেইন। ইউক্রেনীয় যোদ্ধাদের জন্য যুক্তরাজ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমারের পূর্বসূরি ঋষি সুনাক।

এবার ট্রাম্ট-জেলেনস্কি বাকবিতন্ডার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও ইউক্রেইনেকে ‘নিরবচ্ছিন্ন সমর্থন’ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও বলেছেন, যত দিন প্রয়োজন ইউক্রেইনের পাশে থাকবেন তিনি।