১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেক্সিকোয় ধর্মীয় পরব উদযাপন অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেইন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মদিন পালন উপলক্ষ্যে রাতে একটি অনুষ্ঠান চলাকালে সেখানে গুলির ঘটনাটি ঘটে।

মেক্সিকোয় ধর্মীয় পরব উদযাপন অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০
এই হাউজিং কমপ্লেক্সের প্রাঙ্গণে অনুষ্ঠান চলার সময় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।  ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাহোয়াতোয় ক্যাথলিক ধর্মীয় এক পরব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গুলিতে অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক কিশোর বয়সীও আছেন। 

মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যটির ইরাপুয়াতো শহরে ঘটনাটি ঘটেছে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে।    

গুয়ানাহোয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, গুলিতে জখম ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও আছে। পরে অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিশ্চিত করে, নিহতদের মধ্যে শুধু একজনের বয়স ১৮-র নিচে, তার বয়স ১৭ বছর। 

শেইনবাউম বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।” 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেইন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মদিন পালন উপলক্ষ্যে রাতে একটি অনুষ্ঠান চলার সময় সেখানে গুলির ঘটনাটি ঘটে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি হাউজিং কমপ্লেক্সের প্রাঙ্গণে লোকজন নাচছেন আর তাদের পেছনে একটি ব্যান্ড বাজনা বাজাচ্ছে, এরমধ্যে সেখানে গুলির শব্দ শোনা যায়। 

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। 

অনেক বছর ধরেই মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি গুয়ানাহোয়াতো। এখানে প্রায়ই মাদক চোরাচালানের রুটগুলোর দখল নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে প্রাণঘাতী লড়াই হয়। এসব গোষ্ঠীগুলো অন্য অপরাধও করে। 

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যটির অন্য অংশগুলোতে সহিংসতার আরও পাঁচজন নিহত হয়েছেন।