২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্পের, কমল শুল্ক

চুক্তি হয়নি এমন দেশগুলো থেকে আমদানি করা পণ্যে ১ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক কার্যকর হবে।

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্পের, কমল শুল্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্য চুক্তি নিয়ে দৈনিক পত্রিকার বিশেষ সংস্করণ পড়েছেন টোকিওর বাসিন্দারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের ওপর ভারী শুল্কের বোঝা চাপানোর হুমকির দেওয়ার পর তা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে এশিয়ার মিত্র দেশটি। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। 

এর আগে জাপান থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। এই সমঝোতা চুক্তিতে সেই শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।   

চুক্তি হয়নি এমন দেশগুলো থেকে আমদানি করা পণ্যে ১ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক কার্যকর হবে। তার আগে হোয়াইট হাউজ যেসব চুক্তিতে পৌঁছেছে সেগুলোর মধ্যে জাপানের সঙ্গে করা চুক্তিটি সবচেয়ে উল্লেখযোগ্য, লিখেছে রয়টার্স।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি মাত্রই জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিটিতে স্বাক্ষর করলাম। এটি আমেরিকার যুক্তরাষ্ট্রের জন্য খুব উত্তেজনাপূর্ণ একটি সময় আর এটি বিশেষভাবে এই কারণে যে জাপান দেশটির সঙ্গে আমরা সবসময় একটি মহান সম্পর্ক বজায় রাখতে পারবো।”

মঙ্গলবার হোয়াইট হাউজে জাপানের শুল্ক বিষয়ক শীর্ষ আলোচক ইয়োসি আকাজাওয়ার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ ঘোষণা দেন।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, যিনি রোববার অনুষ্ঠিত নির্বাচনের পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে রাজনৈতিক চাপে পড়েছেন, এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দেশগুলোর বাণিজ্য উদ্বৃত্ত আছে তাদের সঙ্গে হওয়া চুক্তিগুলোর মধ্যে এটাতেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়েছে।”

যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি ডলার। এরমধ্যে জাপানের পক্ষে প্রায় সাত হাজার কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। পণ্য আমদানি-রপ্তানি বিবেচনায় জাপান যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার।  

ইশিবা জানিয়েছেন, জাপানি গাড়ির ওপর ইতোমধ্যে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।

যুক্তরাষ্ট্রে জাপানের রপ্তানি করা মোট পণ্যের এক চতুর্থাংশের বেশিই গাড়ি।