১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব অসীম ইফতিখার

বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালুচের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:55 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা অসীম ইফতিখার আহমেদ। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে তার নাম ঘোষণা করেন। 

অসীম ইফতিখার আহমেদ পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালুচের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পোস্টে ইসহাক দার বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বর্তমানে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত আহমেদ হবেন পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্র সচিব। আমি আত্মবিশ্বাসী যে, রাষ্ট্রদূত আমনা বালুচ এবং তার পূর্বসূরীদের গুরুত্বপূর্ণ কাজকে ভিত্তি করে রাষ্ট্রদূত ইফতিখারের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তর স্পষ্টতা, পেশাদারিত্ব ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পাকিস্তানের স্বার্থ রক্ষা করে চলবে।”

এছাড়া ইসহাক দার পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালুচের প্রশংসা করে বলেন, “পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিষ্ঠাপূর্ণ সেবা ও নেতৃত্বের জন্য ধন্যবাদ।”

ইসহাক দার বলেন, “আমনা বালুচ সরকারি অবসর গ্রহণের পর তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আমি নিশ্চিত যে তিনি এই নতুন ভূমিকাতেও দক্ষতার সাথে পাকিস্তানের সেবা করে যাবেন।”

আমনা বালুচ ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৭ সেপ্টেম্বর তিনি সরকারি চাকরি থেকে অবসর নেবেন।

এদিকে 'এক্স'-এ এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার ঘটনাকে ‘বিরাট সম্মান’ বর্ণনা করে সরকারকে ধন্যবাদ দিয়েছেন অসীম ইফতিখার আহমেদ।