জাতিসংঘে চীনের মানবাধিকারের সমালোচনায় পশ্চিমারা, পাল্টা নিন্দায় চীন
মুসলিমদের প্রতি চীনের আচরণ নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ এবং জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে মতবিরোধ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
শিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার জাতিসংঘে চীনের সমালোচনা করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশ। সঙ্গে সঙ্গেই চীন এর পাল্টা জবাব দিয়েছে। গাজায় নারকীয় পরিস্থিতি দেখেও না দেখার ভান করে থাকার অভিযোগে পশ্চিমাদের নিন্দা করেছে চীন।
মুসলিমদের প্রতি চীনের আচরণ নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ এবং জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে মতবিরোধ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্স জানায়, দুই বছর আগে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিমদেরকে 'নির্বিচারে আটক' মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
জাতিসংঘে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেমস লারসেন জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিকে বলেন, “আমরা চীনকে মানবাধিকারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার এবং জাতিসংঘের সব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।” লারসেন বলেন, “এর মধ্যে রয়েছে শিনজিয়াং ও তিব্বতে নির্বিচারে আটক সব ব্যক্তিকে মুক্তি দেওয়া।”
তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, জাপান, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ব্রিটেনের পক্ষে বক্তব্য রাখেন।
বেইজিং দীর্ঘদিন ধরে উইঘুরদের নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং মঙ্গলবার পাল্টা অভিযোগ করে বলেন, পশ্চিমা দেশগুলো সংঘাত উসকে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, “এ বছর কমিটিতে মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত গাজার বিষয়ে। কিন্তু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশ এই জীবন্ত নরককে খাটো করে দেখিয়েছে।
এমনকি তারা শান্তিপূর্ণ শিনজিয়াংয়ের বিরুদ্ধে আক্রমাণাত্মক কথা বলে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে।"
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি জঙ্গি হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে অপহরণ করে। এরপর যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়। গাজা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ৪২,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে।
ফু বলেন, “গাজায় নিহতের সংখ্যা যদি কয়েকটি পশ্চিমা দেশের বিবেক জাগ্রত করার জন্য যথেষ্ট না হয়। তাহলে তাদের মুসলিমদের মানবাধিকার রক্ষা করা সবচেয়ে বড় মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।”
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গত মাসে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডর পরও ইসরায়েলকে সমর্থন করার জন্য বেশিরভাগ পশ্চিমা রাষ্ট্রের সমালোচনা করেছিলেন।
কমিটির কাছে যুক্তরাষ্ট্রের বিবৃতি পেশ করে উপ- মার্কিন রাষ্ট্রদূত লিসা কার্টি বলেন, “ওয়াশিংটন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং ইসরায়েলকে ছিটমহলে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছে।”
কার্টি বলেন, “আমরা শিনজিয়াংয়ে (চীনের) চলমান নৃশংসতা, তিব্বতিদের দমন-পীড়ন, হংকংয়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর দমনপীড়নের নিন্দা জানাচ্ছি।”
জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম ৮০টি দেশের পক্ষে মানবাধিকার কমিটির কাছে একটি বিবৃতি পড়ে শোনান। তাতে বলা হয় “জিনজিয়াং, হংকং এবং তিব্বত সম্পর্কিত যে কোনও বিষয় চীনের অভ্যন্তরীণ বিষয়।”
কোনো দেশেরই নিখুঁত মানবাধিকার রেকর্ড নেই। কিন্তু কোনো দেশই তার মানবাধিকারের বাধ্যবাধকতার সুষ্ঠু তদন্তের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, “আন্তর্জাতিক মানবাধিকারের অঙ্গীকারকে ক্ষুণ্ন না করা আমাদের সবার কর্তব্য, এটা আমাদের সবার জন্য লাভজনক এবং এর জন্য সব রাষ্ট্রই দায়বদ্ধ।”
