২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নতুন অস্ত্র ব্যবহারে ইউক্রেইনকে ‘সমর্থনে ব্যত্যয় ঘটবে না’: নেটো

রাশিয়া মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সাধারণ নাগরিক এবং ইউক্রেইনের মিত্রদেরকে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করছে- বলেছেন নেটোর মুখপাত্র।

রাশিয়ার নতুন অস্ত্র ব্যবহারে ইউক্রেইনকে ‘সমর্থনে ব্যত্যয় ঘটবে না’: নেটো
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ইউক্রেইনে রাশিয়ার নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সংঘাতের ধরণ বদলাবে না কিংবা কিইভকে সমর্থন দিয়ে যাওয়া থেকে নেটোও পিছু হটবে না।

পশ্চিমা সামরিক জোট নেটোর মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ একথা বলেছেন। তিনি বলেন,রাশিয়া মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সাধারণ নাগরিক এবং ইউক্রেইনের মিত্রদেরকে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, “রাশিয়ার এই অস্ত্র মোতায়েনের সক্ষমতায় সংঘাতের স্বরূপও বদলাবে না, আর নেটো মিত্ররাও ইউক্রেইনকে সমর্থন করা থেকে নিবৃত্ত হবে না।”

ইউক্রেইন চলতি সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরেমার্কিন ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়া এই অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল।

ইউক্রেইন তা অগ্রাহ্য করে এই হামলা চালায়। এরপরই রাশিয়া ইউক্রেইনে নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টিভিতে প্রচারিত আকস্মিক এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, “২১ নভেম্বরে রাশিয়ার ভূখন্ডে ইউক্রেইনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী-পাল্লার (ইন্টারমেডিয়েট-রেঞ্জ) এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনে আঘাত হেনেছে।”

এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অ-পারমাণবিক হাইপারসনিক সংস্করণ ছিল জানিয়ে পুতিন সতর্ক করে দিয়ে বলেন, যেসব দেশ ইউক্রেইনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে মস্কো।

এরপরই পশ্চিমা সামরিক জোট নেটোর মুখপাত্র প্রতিক্রিয়া প্রকাশ করে জানালেন, রাশিয়ার এই হুমকিতে ইউক্রেইনের বিষয়ে তাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না।