রাশিয়ার গভীরে হামলা: বাইডেনের অনুমতির প্রভাব, ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে?
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর যে অনুমতি যুক্তরাষ্ট্র দিয়েছে- যুদ্ধক্ষেত্রে তার কী প্রভাব পড়বে, যুদ্ধ বাড়বে কিনা, ট্রাম্প এসেই বা কী করবেন সেটিই এখন প্রশ্ন।
দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে এমন হামলায় ওয়াশিংটনের সায় ছিল না। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, রাশিয়ার গভীরে ইউক্রেইনকে মার্কিন অস্ত্র হামলা চালানোর অনুমতি দিলে যুদ্ধের আরও ছড়িয়ে পড়তে পারে।
কিন্তু সেই নীতি থেকে মার্কিন প্রশাসন সরে এসেছে। এমন সময়ে এই নীতি পরিবর্তন ঘটল যখন মাস দুয়েকের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের নীতির এই পরিবর্তনের কারণ উত্তর কোরিয়া বলেই মনে করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ‘নিউ ইয়র্ক টাইমস’ ও ‘ওয়াশিংটন পোস্ট’-কে বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদেরকে ইউক্রেইনে যুদ্ধ করার যে অনুমতি রাশিয়া দিয়েছে, তার প্রতিক্রিয়ায়ই বাইডেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধক্ষেত্রে এর কী প্রভাব পড়বে? যুদ্ধ বাড়বে কিনা, ট্রাম্প এসেই বা কী করবেন?-এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি।
যুদ্ধক্ষেত্রে প্রভাব কী হবে?
রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের এক হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করেছে ইউক্রেইনীয় বাহিনী। তারা এখন প্রথম দফাতেই ওই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারবে।
ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে আবার অঞ্চল পুনরুদ্ধার করবে। তাদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেইনের সামরিক বাহিনী। তারা এখন রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, অবকাঠামো এবং গোলাবারুদের মজুতকে নিশানা করে সরাসরি এই হামলা চালাতে পারবে।
যদিও কেবল এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ হয়তো যুদ্ধের গতি বদলে দিতে যথেষ্ট হবে না। তবে পূর্বাঞ্চলে রুশ সেনাদের অগ্রগতির মুখে ইউক্রেইনের সেনারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে কিছুটা সুবিধা পাবে।
ক্ষেপণাস্ত্র হামলা করতে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কিইভে নিযুক্ত এক পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসি-কে বলেন, “আমি মনে করি না এটি চূড়ান্ত কোনও ফল বয়ে আনবে। এটি একটি প্রতীকী সিদ্ধান্ত। তবে এতে রাশিয়ার যুদ্ধ ব্যয় বাড়তে পারে।”
যুদ্ধ কী বাড়বে?
বাইডেন প্রশাসন এতদিন যুদ্ধের বিস্তৃতি ঘটার ভয়েই ইউক্রেইনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার ঘটনাকে মস্কো ইউক্রেইন যুদ্ধে নেটো জোটের দেশগুলোর ‘সরাসরি অংশগ্রহণ’ বলেই গণ্য করবে।
রাশিয়া এর আগে কিছু সীমাও নির্ধারণ করে দিয়েছিল। যার মধ্যে ছিল ইউক্রেইনকে আধুনিক যুদ্ধ ট্যাংক এবং জঙ্গি বিমান সরবরাহ না করা। কিন্তু সেই সীমা তখন থেকেই অতিক্রম করা হয়েছে। এর ফলে নেটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি কোনও যুদ্ধও শুরু হয়নি।
নেটোতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত কুর্ট ভলকার মনে করেন, যুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারের পরিসর সীমিত রেখে, যুক্তরাষ্ট্র প্রশাসন অযৌক্তিকভাবে ইউক্রেইনের আত্মরক্ষায় একতরফা বিধিনিষেধ আরোপ করেছে।
তার মতে, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত রাখার সিদ্ধান্ত ‘পুরোপুরি স্বেচ্ছাচারী’ এবং রাশিয়াকে উস্কানি না দেওয়ার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আর এখন এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি প্রকাশ্যে দেওয়াটাও একটি ভুল পদক্ষেপ বলেই মনে করেন ভলকার। কারণ, এর ফলে ইউক্রেইনের হামলা সম্পর্কে রাশিয়া আগে থেকেই জেনে গেল।
ট্রাম্প কি করবেন?
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পালাবদলের মাত্র দু’মাস আগে ইউক্রেইন যুদ্ধ নীতি পরিবর্তন করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রচারের সময় থেকেই বলে এসেছেন ইউক্রেইন যুদ্ধ দ্রুত শেষ করবেন তিনি। যদিও কিভাবে তা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছুই তিনি বলেননি।
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে ট্রাম্প ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওই সিদ্ধান্ত বাতিল করতে করতে পারেন।
ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বাইডেনের নীতি অপরিবর্তিত রাখবেন কি না সে বিষয়ে এখনও কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠ মিত্রদের কয়েকজন এরই মধ্যে বাইডেনের ইউক্রেইন যুদ্ধ নীতি পরিবর্তনের সমালোচনা করেছেন।
ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার বাবা শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই সামরিক শিল্প সংশ্লিষ্টরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে চায়।”
নতুন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ অনেক শীর্ষ কর্মকর্তাই বলেছেন, ইউক্রেইনকে আর সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত হবে না।
তবে নতুন ট্রাম্প প্রশাসনে আরও অনেকেই আছেন যারা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। যেমন: নতুন ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটজ এর মতে, রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেইনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করা।
ট্রাম্প কোন পথে যাবেন সেটি এখনও বোঝা যাচ্ছে না। তবে ইউক্রেইনীয়দের অনেকেই আশঙ্কা করছে যে, হবু প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেইনকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রসহ সার্বিক অস্ত্র সহায়তা কমিয়ে দিতে পারেন।
ইউক্রেইনের এমপি ওলেক্সি গোনচারেঙ্কো বিবিসি-কে বলেন, “আমরা উদ্বিগ্ন। আশা করছি, তিনি (ট্রাম্প) এসে সিদ্ধান্ত বদলাবেন না।”
