যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জব্দ করেছে: ট্রাম্প
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তেহরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের পথরোধ করে সেটি জব্দ করেছে।
ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সংকেত দেওয়ার পরও থামতে ব্যর্থ হওয়ায় ইরানের পতাকাবাহী জাহাজ তুসকা জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।
“তাদের জাহাজটি পুরোপুরি আমাদের জিম্মায় রয়েছে। এতে কী আছে তা দেখা হচ্ছে,” বলেছেন তিনি।
তিনি লিখেছেন, “আজ ইরানি পতাকাবাহী তুসকা নামের পণ্যবাহী জাহাজ, প্রায় ৯০০ ফুট লম্বা ও ওজন প্রায় একটি বিমানবাহী রণতরীর মতো, আমাদের নৌ অবরোধ পার হয়ে যাওয়ার চেষ্টা করেছিল আর এটি তাদের জন্য ভালো হয়নি।
“সতর্ক করার পরও সেটি অগ্রাহ্য করায় জাহাজটির ইঞ্জিনরুমে একটি গর্ত তৈরি করে দিয়ে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেটিকে থামিয়েছে। অবৈধ কার্যকলাপের আগের ইতিহাসের কারণে তুসকা যুক্তরাষ্ট্রের ট্রেজারির নিষেধাজ্ঞার অধীনে ছিল।”
মার্কিন সামরিক বাহিনী রোববার জানিয়েছে, ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার সময় সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জানায়, এতে মার্কিন নৌবাহিনীর জাহাজকে একটি পণ্যবাহী জাহাজের পথরোধ করতে দেখা যাচ্ছে। ভিডিওতে পণ্যবাহী জাহাজটির দিকে গুলি ছুড়তেও দেখা গেছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তেহরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।
বিবিসি জানিয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইরানের শীর্ষ সামরিক সদরদপ্তর খাতাম আল-আনবিয়ার এক মুখপাত্র বলেছেন, “ওমান উপসাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের দিকে গুলি ছুড়ে, জাহাজ চলাচল পদ্ধতি অচল করে দিয়ে ও জাহাজটিতে মেরিন সেনাদের মোতায়েন করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”
ওই মুখপাত্র বলেছেন, “আমরা সতর্ক করছি যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এর জবাব দেবে এবং মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে প্রতিশোধ নেবে।”
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার কথা জানানোর পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানানোয় সোমবার এমন উদ্বেগ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়তো আর কার্যকর থাকবে না।
এসব ঘটনার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করেছিল, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করা নিয়ে পাকিস্তানে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় এবারও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা রোববার জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে। মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে ইরানি কর্মকর্তারা ওই আলোচনায় অংশ নেবেন না।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দেবে কি না, তা এখনও নিশ্চিত করেনি তেহরান।
যুক্তরাষ্ট্র আশা করছে, মঙ্গলবার যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইরানের সঙ্গে ফের সরাসরি আলোচনা শুরু করবে তারা।
কিন্তু এর পরবর্তীতে যা কিছু ঘটেছে তাতে পারস্য উপসগারীয় অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা ঝুঁকিতে পড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
