২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্রুত পদক্ষেপ নাও, নয়তো সুযোগ হারাবে’, হামাসকে ট্রাম্প

জিম্মি মুক্তি সংক্রান্ত সব খুঁটিনাটি চূড়ান্ত করতে এবং দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প তার দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে মিশর পাঠাচ্ছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন।

‘দ্রুত পদক্ষেপ নাও, নয়তো সুযোগ হারাবে’, হামাসকে ট্রাম্প
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দুই বছর পূর্তির আগে গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মির মুক্তি নিশ্চিতে জেরুজালেমে জিম্মিদের পরিবারের সদস্য ও তাদের সমর্থকদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে তার পরিকল্পনা নিয়ে আলোচনা চূড়ান্ত করতে হামাসকে তাগাদা দিয়ে বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি ‘সব সুযোগ হারাবে’।

“আমি দেরি সহ্য করবো না, যেমনটা হবে বলে অনেকে মনে করছেন, কিংবা এমন কোনো ফলও মেনে নেবো না যেখানে গাজা ফের হুমকি হিসেবে আবির্ভূত হবে। চলো এই কাজ শেষ করি, দ্রুত। সবাইকে ন্যায্যভাবে দেখা হবে,” শনিবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা। 

পৃথক আরেক পোস্টে পরে মার্কিন এ প্রেসিডেন্ট জানান, ইসরায়েল একটি প্রাথমিক সেনা ‘প্রত্যাহার রেখায়’ রাজি হয়েছে, এবং পুরো বিষয়টি হামাসকে জানানোও হয়েছে। 

“হামাস এতে রাজি হলেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে, জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী ধাপের প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবো,” পোস্টে লিখেছেন তিনি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু তারা নিজেরা অস্ত্র সমর্পণ করবে কিনা সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। 

জিম্মি মুক্তি সংক্রান্ত সব খুঁটিনাটি চূড়ান্ত করতে এবং দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য ট্রাম্প তার দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে মিশর পাঠাচ্ছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন। 

সোমবার মিশর ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদেরও আতিথ্য দিতে যাচ্ছে বলে আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। 

ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপেই প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে হামাসের হাতে থাকা জীবিত-মৃত সব ইসরায়েলি জিম্মির মুক্তির কথা রয়েছে। 

এদিকে জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিশরে আলোচকরা ট্রাম্পের গাজা পরিকল্পনার আওতায় বাকি জিম্মিদের মুক্তির সময়সীমা ঠিক করতে কাজ করবেন।

তিনি হামাসকে নিরস্ত্রীকরণের প্রসঙ্গও জোরের সঙ্গে তুলে ধরেন। বলেন, হয় ট্রাম্পের প্রস্তাবের মাধ্যমে হামাসকে নিরস্ত্র করা হবে, নতুবা ইসরায়েলি সামরিক পদক্ষেপের হবে।  

ইসরায়েলি সেনাবাহিনী গাজার ভেতরে থাকা অবস্থাতেই সব জিম্মি মুক্তি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি এ প্রধানমন্ত্রী।

ট্রাম্প ও ইসরায়েল শান্তি পরিকল্পনা নিয়ে বুঁদ থাকলেও হামাস তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার পরও গাজায় হামলা চলমান থাকায় তীব্র নিন্দা জানিয়েছে। 

ট্রাম্পের আহ্বানের পর গাজায় অভিযান বন্ধ নিয়ে ‘নেতানিয়াহুর ধোঁকাবাজির’ প্রমাণ এগুলো, বলছে তারা।

“জায়োনবাদী দখলদাররা গাজা ভূখণ্ডে আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে,” বিবৃতিতে বলেছে হামাস।

তারা আরব ও ইসলামী দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘গাজার বাসিন্দাদের সুরক্ষা ও তাদের কাছে ত্রাণ পৌঁছাতে দ্রত ব্যবস্থা নেওয়ার’ তাগাদাও দিয়েছে।  

কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক অধ্যাপক আদনান হায়াজনেহ বলছেন, সব জিম্মি ছেড়ে দেওয়ার পর ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বাকি সব যে বাস্তবায়িত হবে তার নিশ্চয়তা চাইছে হামাস। গাজা ভবিষ্যতে কীভাবে শাসিত হবে তার একটি স্পষ্ট ছবিও দেখতে চায় তারা। 

“এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং হামাস সেখানে থাকবে,” আল জাজিরাকে এমনটাই বলেছেন হায়াজনেহ। 

আরব নেতারাও ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু অংশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 

“কিন্তু গাজার প্রশাসন, সামরিক বাহিনী, অস্ত্রের কী হবে এসব বিষয়ে সংশয়কে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি।

“আপনি যদি পরিকল্পনাটির দিকে তাকান, এটা হামাসের জন্য প্রায় আত্মসমর্পণই। যে কারণে তারা দরকষাকষির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, জিম্মিদের প্রসঙ্গটি, শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে চাইছে বলে মনে হচ্ছে,” বলেন এ অধ্যাপক।

গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের টানা হামলা ৬৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের প্রকৃত সংখ্যা এর তিন গুণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।