২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসকে ট্রাম্পের শেষ সতর্কবার্তা

ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা দরকার সব দিচ্ছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন,  তার কথা না মানলে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না”।

হামাসকে ট্রাম্পের শেষ সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন। অন্যথায় ‘নারকীয় পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা দরকার, আমি সব পাঠাচ্ছি। যদি আমার কথা না মানো, তবে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না”।  

বিবিসি লিখেছে, ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে যে, তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে উস্কানি দিচ্ছেন।

হোয়াইট হাউজ এর আগে নিশ্চিত করেছে, ফিলিস্তিনের ছিটমহল গাজায় বন্দি থাকা মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে গোপনে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ট্রাম্প এই হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ায়।

যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলেছে, কারণ মার্কিন নীতিতে সংগঠনটিকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়।  

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার পোস্টে আরও লেখেন, “যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তবে ‘নারকীয় পরিণতি’ ভোগ করতে হবে। তবে তিনি ইসরায়েলকে কী ধরনের সহায়তা দিচ্ছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি বলে জানিয়েছে বিবিসি।

হামাস নেতাদের উদ্দেশ্যে তিনি লেখেন, “এখনও সময় আছে, গাজা ছাড়ো।”  

গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা কেবল জিম্মিদের মুক্তির বিনিময়ে। যদি তাদের আটকে রাখ, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে!”  

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এ ধরনের হুমকি যুদ্ধবিরতি চুক্তিকে আরও জটিল করে তুলছে এবং দখলদার ইসরায়েলকে চুক্তির শর্ত বাস্তবায়ন থেকে বিরত থাকার উৎসাহ দিচ্ছে।

এর আগেও ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছেন। গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, জিম্মিরা মুক্তি না পেলে ‘ভয়াবহ পরিণতি’ হবে।  

ওদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে।

যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলার এ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ফিলিস্তিনি এক সূত্র বিবিসি-কে জানায়, কয়েক সপ্তাহ ধরে বোলার ও হামাসের কর্মকর্তারা সেখানে বৈঠক করছেন।

হামাসের প্রতিনিধি হিসেবে মার্কিন দূতের সঙ্গে কে আলোচনা করছেন তা পরিষ্কার হয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, বোলার গাজা যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেছেন, “হামাসের সঙ্গে সরাসরি কথা বলার কর্তৃত্ব বোলারের আছে।

তিনি জানান, ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করা হয়েছে। তবে হামাসের সঙ্গে আলোচনা শুরু করার আগে না পরে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে লেভিটের কথা থেকে তার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

‘যুক্তরাষ্ট্রের লোকজনের জন্য যা করা সঠিক শুভ বিশ্বাস থেকে’ ট্রাম্প তাই করার চেষ্টা করছেন বলে লেভিট জানান। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি বৈঠকের খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস।

তাদের প্রতিবেদনে বলা হয়, দোহায় এই বৈঠক হয়েছে, যেখানে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে।  

ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের নজিরবিহীন হামলার জবাবে সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করা হয়।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮,৪৪০ জন নিহত হয়েছে। ইসরায়েল বলছে, এখনও ৫৯ জন জিম্মি গাজায় রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।  

জিম্মিদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। এদের মধ্যে এডান আলেকজান্ডার জীবিত বলে মনে করা হচ্ছে, বাকি চারজন নিহত হয়েছে বলে ধারণা।  

সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিক মুলরয় মনে করেন, “যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় হওয়া উচিত।” তবে তিনি সতর্ক করে বলেন, এই আলোচনা ইসরায়েলের বন্দি উদ্ধারের পরিকল্পনায় জটিলতা তৈরি করতে পারে।  

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তারা এই আলোচনা বিষয়ে তাদের অবস্থান জানিয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার একাধিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, যার মধ্যে ইরান, তালেবান ও রাশিয়ার সঙ্গে আলোচনাও রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনাতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।